গত মার্চ মাসে ‘কেডি: দ্য ডেভিল’-এর গান ‘সরকে চুনার তেরি সরকে’ মুক্তি পেতেই শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ ওঠে, নোরা ফতেহি এবং সঞ্জয় দত্তের এই গানের কথা অত্যন্ত কুরুচিপূর্ণ এবং অত্যন্ত কুরুচিকর শব্দে ঠাসা। অনেকে মনে করেন, ভিউ পাওয়ার নেশায় গানের লিরিক্সে অতিরিক্ত চটুলতা ব্যবহার করা হয়েছে, যা পরিবারের সঙ্গে বসে দেখার মতো নয়। বিতর্কের মাঝে জাতীয় মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইলেন নোরা।
'সরকে চুনার' গানের কথায় অশালীন চিত্রায়ণের অভিযোগে নোরা ফাতেহিকে তলব করেছিল জাতীয় মহিলা কমিশন। বৃহস্পতিবার ৭ মে অভিনেত্রী কমিশনের কাছে হাজির হন। সঙ্গে বলেন, কারও অনুভূতিতে আঘাত করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না।
অভিনেত্রী জানিয়েছেন, কাউকে অপমান করা বা কারও ধর্মীয় বা সামাজিক অনুভূতিতে আঘাত দেওয়া তাঁর বা তাঁর টিমের বিন্দুমাত্র উদ্দেশ্য ছিল না। শিল্পীর দাবি অনুযায়ী, অনেক সময় সৃজনশীল কাজের গভীরে কিছু সূক্ষ্ম বিষয় এড়িয়ে যাওয়া হয়। এটিও তেমনই একটি অসাবধানতাবশত ভুল। তিনি স্পষ্টভাবে বলেছেন যে, যদি এই গানের কথাগুলোর মাধ্যমে কেউ বিন্দুমাত্রও কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি অত্যন্ত দুঃখিত এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছেন।
সাধারণত বিনোদন জগতে কোনও গান বা দৃশ্য নিয়ে বিতর্ক শুরু হলে শিল্পীরা নিজেদের কাজের স্বপক্ষে যুক্তি দেখান অথবা চুপ থাকেন। কিন্তু নোরা ফাতেহি সরাসরি ক্ষমা চেয়েছেন। একজন তারকা হিসেবে সাধারণ মানুষের প্রতি শিল্পীদের যে দায়বদ্ধতা থাকে, নোরা যেন সেটি প্রমাণ করেছেন।
নোরা জানিয়েছেন, আগামীতে কোনও প্রজেক্টে যুক্ত হওয়ার আগে গানের কথা এবং তার গভীরতা নিয়ে তিনি আরও সচেতন থাকবেন। ভুল স্বীকার করার মাধ্যমে তিনি তাঁর ভক্তদের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠেছেন।















