ইন্দ্রাণীর চোখের আড়ালে বিয়ে করেছে আয়ুষ্মান ও কুসুম। শুধু বিয়েই নয়, কুসুমকে নিয়ে ঘরেও ঢুকেছে আয়ুষ্মান। আয়ুষের বাবা তাদের বরণ করে ঘরে তুলছে। সম্প্রতি, এমনটাই দেখা যাচ্ছে ধারাবাহিকের নতুন প্রোমোতে। দেখা যাচ্ছে, কুসুম ঘরে ঢোকার সময়ই এসে হাজির হয় ইন্দ্রাণী। তাকে আসতে দেখে তড়িঘড়ি আয়ুষের কাকিমা খবরটা গিয়ে দেয়।
ইন্দ্রাণীও ছুটে আসে। জানতে চায়, তাকে আড়ালে রেখে কাকে বরণ করে ঘরে তোলা হচ্ছে? কুসুমকে ছেলের বউ রূপে দেখে কি রেগে যাবে ইন্দ্রাণী? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? উত্তরের অপেক্ষায় দর্শক।
ইতিমধ্যেই গল্পের নতুন মোড়ে 'কুসুম' টিআরপিতে বেশ ভাল ফল করেছে। রেটিং চার্টে এক থেকে পাঁচের মধ্যেই নিজের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। আগামীতে গল্পের চমকে আরও ভাল ফল করবে বলে আশা করে আছেন মেগার অনুরাগীরা।
কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল ইন্দ্রাণীর অমতে গণবিবাহের আয়োজনে গিয়ে সাতপাকে বাঁধা পড়েছে কুসুম, আয়ুষ্মান। দেখা যায়, কুসুমের বাবা মেয়েকে বলছে যেহেতু বিয়ের পর প্রথমবার সে শ্বশুর বাড়ি যাবে, তাই তিনি নিজে মেয়েকে এবং মেয়ের সব জিনিসকে ওই বাড়ি দিয়ে আসবেন। এই কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে নায়িকা আর আয়ুষ্মানের। ইন্দ্রাণী যে কিছুই জানে না ওদের ব্যাপারে!
আয়ুষ্মান কুসুমকে বলে যেভাবেই হোক কুসুমের বাবাকে আটকাতে। কিন্তু সে যত যাই বলুক তাদের ক্ষতি করার প্ল্যান কষে চলেছে দেবলীনা। সন্ধ্যায় কুসুম যখন আয়ুষ্মানের আসার অপেক্ষা করছে সেই সময়ই তার ঘরের প্রদীপ নিভে যায়। অমঙ্গলের ইঙ্গিত দেয়। আর ওদিকে দেখা যায় আয়ুষ্মান ফোন ঘাঁটতে ঘাঁটতে একটি গাড়ির একদম সামনে চলে আসে। যদিও অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পায় আয়ুষ্মান। কিন্তু এবার মায়ের অমতে বিয়ে করে কোন বিপাকে পড়বে সে?
















