সদ্যই 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে বড় চমক এসেছে। বদলেছে ধারাবাহিকের সময়, একই সঙ্গে শেষ হয়েছে সাক্ষ্য-ঝিলের গল্প। বর্তমানে নীল ভট্টাচার্য এবং মধুমিতা সরকারকে আর দেখা যাচ্ছে না এই মেগায়। সেই জায়গায় এসেছেন শ্বেতা মিশ্র, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং সিদ্ধার্থ। ত্রিকোণ প্রেমের গল্প ফুটে উঠছে। 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের অধ্যায় শেষ হতে না হতেই নতুন রূপে, নতুন চরিত্র এবং গল্প নিয়ে ছোট পর্দায় ফিরতে চলেছেন নীল ভট্টাচার্য। 

সূত্রের খবর, 'ভোলে বাবা...'র পর আবারও স্টার জলসাতেই ফিরছেন নায়ক। সদ্যই এই চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'ঘূর্ণি' নামক এক ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে আনা হয়েছে। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স দিয়ে তৈরি প্রোমোতে দেখা গিয়েছে, এখানে এক ক্রিকেটারের জীবনী তুলে ধরা হবে। ভারতের জার্সি পরা এক মহিলা ক্রিকেটার মাঠে ঢুকছে। যদিও মুখ দেখানো হয়নি কারও। সূত্রের খবর এখানেই নায়কের ভূমিকায় দেখা যাবে নীল ভট্টাচার্যকে। 

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে নীলের বিপরীতে ছিলেন মধুমিতা সরকার। জানা যাচ্ছে এবার তাঁর বিপরীতে এক নবাগতাকে দেখা যাবে। যদিও গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে তিনি নতুন নন। ফ্যাশন দুনিয়ার সঙ্গে যুক্ত। কে তিনি? রেশমা মণ্ডল। রেশমা পেশায় একজন মডেল। তিনি এর আগে 'গীতা এলএলবি' ধারাবাহিকে কাজ করেছিলেন। এবার তাঁকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। যদিও এখনও নায়ক, নায়িকা বা চ্যানেল সূত্রে কোনও নিশ্চিত বার্তা মেলেনি। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, স্টার জলসার পর্দায় বর্তমানে একের পর এক নতুন ধারাবাহিক আসছে। সদ্যই প্রকাশ্যে এসেছে 'গঙ্গা' ধারাবাহিকের প্রোমো। সেখানে নাম ভূমিকায় থাকবেন 'গীতা এলএলবি' অর্থাৎ হিয়া মুখোপাধ্যায়। তাঁর বিপরীতে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে। সেই ধারাবাহিক দেখা যাবে ৯ টার স্লটে, 'চিরসখা' স্লট হারিয়ে যাচ্ছে রাত ১০ টায়। সদ্যই এই চ্যানেল শুরু হয়েছে 'শুধু তোমারই জন্য'। এবার আসছে 'ঘূর্ণি'। জানা যাচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে দেখা যাবে এই ধারাবাহিক। যদিও এই জল্পনা বাস্তবে কতটা ফলে সেই দিকে নজর থাকবে দর্শকদের। এই বিষয়ে জানিয়এ রাখা ভাল, টলিউডের অন্দরে ফিসফাস, ছোটপর্দায় 'তোমাদের রাণী' ধারাবাহিক খ্যাত অভিকা মালাকারের সঙ্গে জুটি বেঁধে ফিরছেন রণজয় বিষ্ণু। যদিও কোন চ্যানেল বা ধারাবাহিকে সেটা এখনও জানা যায়নি।