তিনি বলিউডের অন্যতম সেরা অভিনেতা। মেথড অ্যাক্টিং হোক বা কঠিন সংলাপ—পর্দায় তাঁর সাবলীল অভিনয় দেখে তাজ্জব বনে যান তাবড় তাবড় তারকারা। কিন্তু সেই নওয়াজউদ্দিন সিদ্দিকিরও কি শুটিং সেটে হাত-পা কাঁপতে পারে? জপবাব হল, হ্যাঁ! সম্প্রতি এক সাক্ষাৎকারে এক অদ্ভুত ঘটনার কথা ফাঁস করলেন অভিনেতা। জানালেন, কীভাবে ক্যাটরিনা কইফের সামনে বসে ছবির সংলাপ বলতে গিয়ে একেবারে খেই হারিয়ে ফেলেছিলেন তিনি! তবে আশ্চর্যের ব্যাপার সেই মস্ত বড় ভুলটাই শেষ পর্যন্ত সিনেমার রূপ বদলে দিয়েছিল।
কবীর খানের ব্লকবাস্টার ছবি ‘নিউ ইয়র্ক-এর একটি দৃশ্যের কথা মনে করে নওয়াজউদ্দিন জানান, ছবির এক দৃশ্যে ক্যাটরিনা কইফ তাঁর একটি সাক্ষাৎকার নিচ্ছিলেন। নওয়াজের কথায়, "কবীর খানের ওই ছবিতে ক্যাটরিনার মুখোমুখি বসতে হয়েছিল আমাকে। ও আমার সাক্ষাৎকার নিচ্ছিল। আমার প্রায় ৪ থেকে ৫ পাতার লম্বা সংলাপ ছিল। আমি মুখস্থ করার বদলে দৃশ্যটা মনে মনে সাজিয়ে নিয়েছিলাম। কিন্তু ওঁর সামনে বসে যখনই বলতে গেলাম, আমি তোতলাতে শুরু করি, সংলাপ গুলিয়ে ফেলি!"
সাধারণত কোনও অভিনেতা সংলাপ ভুলে গেলে পরিচালক ‘কাট’ বলে ওঠেন। কিন্তু নওয়াজের ক্ষেত্রে ঘটল উল্টোটা। অভিনেতা জানান, তাঁর ওই থতমত খেয়ে যাওয়া এবং কথা আটকে যাওয়াটাই চরিত্রের একটা অংশ হয়ে ওঠে। নওয়াজউদ্দিনের কথায়, "ওই ভুলটাই আমার চরিত্রে একটা অদ্ভুত ফ্রেশনেস এনে দিয়েছিল। মানুষ ভাবছিলেন আমি অভিনেতা না কি সত্যিই একজন সাধারণ মানুষ যে টুল কথা বলে! আমার মনে হয় নিখুঁত হওয়াটা একটা যান্ত্রিক প্রক্রিয়া। মানুষ মাঝে মাঝে এই খামতি বা খুঁতগুলোই বেশি ভালবাসে।" পর্দায় 'সেই' যান্ত্রিকতার বদলে নওয়াজের সেই স্বাভাবিক ‘ইমপারফেকশন’ আজও দর্শকদের মনে দাগ কেটে রয়েছে।
২০০৯ সালে মুক্তি পাওয়া কবীর খানের এই ক্রাইম ড্রামা ছিল সেই বছরের অন্যতম সর্বোচ্চ আয়কারী ছবি। ৯/১১-এর জঙ্গি হামলার পর আমেরিকার প্রেক্ষাপটে তিন বন্ধুর জীবন কীভাবে বদলে যায়, তা নিয়েই তৈরি হয়েছিল এই ছবি। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন জন আব্রাহাম, ক্যাটরিনা কইফ, নীল নিতিন মুকেশ এবং প্রয়াত ইরফান খান। যশরাজ্ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন প্রীতম। আর সেই ছবিতেই একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছিলেন নওয়াজুদ্দিন, যার নেপথ্যে লুকিয়ে ছিল সেটের এই মজার সিক্রেট!
















