২০২৬ সালে বলিউডের অন্যতম আলোচিত ও প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। রণবীর কাপুর অভিনীত এই ছবিকে ঘিরে প্রথম থেকেই দর্শক মহলে উন্মাদনা তুঙ্গে। এবার শোনা যাচ্ছে, এই মহাকাব্যিক ছবিটির যাত্রা শুরু হতে চলেছে একেবারে রাজকীয় আয়োজনের মাধ্যমে। রামনবমীর শুভ দিনে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়াতে ছবিটির গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
সূত্রের খবর, পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজকরা চাইছেন, ‘রামায়ণ’ শুধুই একটি সিনেমা না হয়ে দর্শকদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠুক। সেই কারণেই রামনবমীর মতো গুরুত্বপূর্ণ দিনে বিটাউনের এমন একটি বিশেষ জায়গাকে বেছে নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে প্রথমবার ছবির প্রধান চরিত্রগুলোর লুক প্রকাশ্যে আসতে পারে বলে জল্পনা চলছে।
এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। রাবণের চরিত্রে রয়েছেন দক্ষিণী সুপারস্টার যশ। এছাড়াও হনুমানের ভূমিকায় সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে অভিনয় করছেন বলে জানা গিয়েছে। এত বড় তারকাদের উপস্থিতিতে ছবিটি নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।
খবর অনুযায়ী, রাম নবমীর এই লঞ্চ অনুষ্ঠানে বলিউডের প্রথম সারির তারকারা ছাড়াও প্রযোজক, পরিচালক ও বিশেষ অতিথিরা উপস্থিত থাকতে পারেন। বিরাট এই আয়োজনে সামিল হতে পারেন মহারাষ্ট্র এবং কেন্দ্রীয় সরকারের তাবড় নেতা-মন্ত্রীরাও। বিটাউনে কান পাতলে শোনা যাচ্ছে, একমাস আগে থেকেই এই হাইভোল্টেজ ইভেন্টের জন্য আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছেন প্রযোজক। নির্মাতারা চাইছেন, এই অনুষ্ঠান যেন শুধু সিনেমার প্রচার না হয়ে একটি বড় সাংস্কৃতিক ইভেন্টে পরিণত হয়। আলো, সঙ্গীত, ভিজ্যুয়াল প্রেজেন্টেশন এবং বিশেষ আয়োজনের মাধ্যমে মহাকাব্যের আবহ তৈরি করার পরিকল্পনা রয়েছে।
‘রামায়ণ’ ছবিটি দুটি ভাগে মুক্তি পাওয়ার কথা। প্রথম ভাগ মুক্তি পেতে পারে ২০২৬ সালের দীপাবলিতে, আর দ্বিতীয় ভাগ আসবে তার পরের বছর। এই ছবির জন্য বিপুল বাজেট বরাদ্দ করা হয়েছে। ভিএফএক্স, সেট ডিজাইন এবং পোশাকের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখার চেষ্টা করছেন নির্মাতারা।
অনেকদিন ধরেই দর্শকরা এই ছবির প্রথম ঝলকের অপেক্ষায় রয়েছেন। গেটওয়ে অফ ইন্ডিয়ায় রাম নবমীর দিনে সেই অপেক্ষার অবসান হতে পারে বলেই মনে করা হচ্ছে। ধর্মীয় আবহ, ঐতিহাসিক স্থান এবং বড় তারকাদের উপস্থিতি-সব মিলিয়ে রণবীর কাপুরের ‘রামায়ণ’ লঞ্চ অনুষ্ঠান বলিউডে এক নতুন নজির গড়তে পারে বলে মনে করছেন বিনোদন মহল।
