অঙ্কুশকে বাঁশ দিয়ে বেধড়ক পেটালেন ঐন্দ্রিলা! মার খেয়ে বেহাল দশা অভিনেতার। কানেও ভুল শুনছেন। কিন্তু কী এমন হল? না না, চমকে ওঠার কিছু হয়নি। আসলে সবটাই ঘটেছে বেজায় জটিল নারী চরিত্র বুঝতে গিয়ে! বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর সকালে প্রকাশ্যে এল অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন অভিনীত আগামী রম-কম ছবি 'নারী চরিত্র বেজায় জটিল' --এর টিজার। 

এই ছবির টিজারে দেখা যাচ্ছে মা গঙ্গার কাছে অঙ্কুশ প্রার্থনা করছে যাতে পৃথিবীর সমস্ত জটিল নারীকে সরল বানিয়ে দেন তিনি, তাহলে তার মতো সরল পুরুষরা একটু শান্তি পাবেন, আর কী। কেবল গঙ্গা নয়, দেবী কালীর কাছেও এই একই প্রার্থনা রাখেন। এই 'আবদার' জানানোর সময় পাশে থাকেন তাঁর বন্ধু দেবরাজ ভট্টাচার্য। যদিও দেবরাজ অঙ্কুশকে সাবধান করে বলেন তিনি যার কাছে এই প্রার্থনা জানাচ্ছেন তিনিও মহিলাই। এই কথা বলতে না বলতেই, ছবি থেকে বেরিয়ে এসে নায়ককে কষিয়ে চড় মারেন দেবী কালী। না, তাঁর হেনস্থা হওয়া সেখানেই থামেনি। 

ছবির ঝলক দেখে যতটা বোঝা গেল এই ছবিতে একজন ম্যারেজ প্ল্যানারের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা। আর সেই কারণে তাঁকে বিভিন্ন মহিলার, বলা ভাল, কনেদের ঝক্কি সামলাতে হচ্ছে। কেবল বাইরে নয়, তাঁর ঘরেও এক দশা। এমন অবস্থায় হঠাৎ করে কারেন্ট শক খান তিনি। সেই সময়ই তাঁকে বাঁচাতে বাঁশ হাতে হাজির হন ঐন্দ্রিলা। দুজনে মুখোমুখি বাড়িতে থাকে, কিন্তু ভাব? সেটা যে বিশেষ নেই ঝলক দেখে আন্দাজ করা যায়। এমন অবস্থায় নারী চরিত্রের জটিলতা সমাধান কোন উপায়ে করবেন অঙ্কুশ সেটাই দেখার! 'নারী চরিত্র বেজায় জটিল' ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছে এই ছবিটি আগামী বছরের নাকি সবথেকে 'সরল' ছবি হতে চলেছে। ভুরপুর কমেডি তো থাকবেই, সঙ্গে থাকবে রোম্যান্সের ছোঁয়া।

আগামী ৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে 'নারী চরিত্র বেজায় জটিল'। সুমিত-সাহিল এই ছবির পরিচালনা করেছেন। অঙ্কুশ হাজরা এবং সানি ঘোষ রায় প্রযোজনার দায়িত্ব সামলেছেন। মুখ্য ভূমিকায় থাকবেন অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন। তাঁরা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দেবরাজ ভট্টাচার্য, নবনীতা মালাকার, সোহিনী সেনগুপ্ত, সোহাগ সেন, প্রমুখকে। প্রসঙ্গত, অঙ্কুশ-ঐন্দ্রিলাকে দর্শকরা এর আগে 'লাভ ম্যারেজ', 'মির্জা'র মতো ছবিতে জুটি বাঁধতে দেখেছেন।