মধ্য এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির আঁচ এবার সরাসরি এসে লাগল বলিউড তারকা নার্গিস ফাকরির জীবনে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বর্তমানে দুবাইয়ে রয়েছেন এই অভিনেত্রী। আর সেখান থেকেই নিজের আতঙ্কের কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। নার্গিস জানিয়েছেন, যুদ্ধের এই থমথমে পরিবেশে তিনি প্রচণ্ড মানসিক অস্থিরতা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন, এমনকী রাতের পর রাত তার চোখে ঘুম নেই।

গত কয়েকদিন ধরে দুবাইয়ের আকাশসীমায় ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। স্যাটেলাইট চিত্রেও দেখা গিয়েছে দুবাইয়ের কিছু অংশ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ঠিক এই পরিস্থিতিতেই দুবাইয়ে আটকা পড়েছেন নার্গিস। ইনস্টাগ্রামে নিজের আবাসের বারান্দা থেকে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, "গত দুদিন ধরে এখানে যা চলছে তা সত্যিই পাগলামি। এক অজানা আতঙ্ক এবং আশঙ্কায় বুক কাঁপছে। জানি না পরের মুহূর্তে কী ঘটতে চলেছে!"


অভিনেত্রী আরও জানান যে, পরিস্থিতির অনিশ্চয়তা তাঁকে এতটাই বিচলিত করেছে যে তিনি ঘুমানোর চেষ্টা করেও পারছেন না। তার কথায়, "মাঝরাত পেরিয়ে গিয়েছে, কিন্তু আমি জেগে আছি। মাথা, মষ সবসময় সতর্ক হয়ে আছে, যেন কোনও বড় বিপদ আসন্ন। এই দুশ্চিন্তা থেকে কিছুতেই মুক্তি পাচ্ছি না।" যুদ্ধের ভয়াবহতা যে সাধারণ মানুষের মনে কতটা গভীর ক্ষত সৃষ্টি করতে পারে, নার্গিসের এই পোস্ট তারই প্রতিফলন।

অবশ্য ব্যক্তিগত এই আতঙ্কের মাঝেও দুবাইয়ের স্থানীয় প্রশাসনের প্রশংসা করেছেন নার্গিস। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন দিনরাত পরিশ্রম করছে। উল্লেখ্য, গত বছরই টনি বেগের সঙ্গে বিয়ে সেরেছিলেন নার্গিস। সম্প্রতি অভিনেত্রীকে ‘হাউসফুল ৫’-এ দেখা গিয়েছে। কিন্তু আপাতত রুপোলি পর্দার চাকচিক্য ছেড়ে বিদেশের মাটিতে যুদ্ধের আতঙ্কে দিন গুনছেন এই বলি সুন্দরী। 

ইরানের ওপর ইজরায়েল ও মার্কিন হামলার জেরে গোটা অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। সেই জেরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে বিশৃঙ্খল অবস্থা। কোনও আগাম ঘোষণা ছাড়াই বিমান বাতিল হওয়ায় পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ দিশেহারা। আটকে পড়েছেন বলি অভিনেত্রী সোনাল চৌহান ও অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও। উত্তাল দুবাইয়ে রয়েছেন টলিউডের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও ছেলে ইউভান। প্যারিসে স্বামী সৌম্য মুখার্জির সঙ্গে আটকে পড়েছেন সন্দীপ্তা সেনও।