উদয়পুরে রাজকীয় বিয়ে সেরেছেন বিজয় দেবেরাকোন্ডা আর রশ্মিকা মন্দানা।  প্রীতিভোজের অনুষ্ঠান আগামী ৪ মার্চ৷ বিজয়-রশ্মিকার বিয়েতে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিয়ের কিছুদিব আগে রশ্মিকার সঙ্গে গিয়ে বিজয় মোদী আর অমিত শাহকে নিমন্ত্রণ করেন৷

কী কথা হল প্রধানমন্ত্রীর সঙ্গে?  বিজয় জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী আশীর্বাদ করেছেন বিজয়-রশ্মিকাকে৷ ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য নিয়ে আলোচনা হয়েছে৷ দারুণ সময় কেটেছে এবং মোদী বিজয়ের বাবা-মায়ের জন্য একটি চিঠিও দিয়েছেন৷ 

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজয়-রশ্মিকাকে আশীর্বাদ করে একটি গণেশমূর্তি দিয়েছেন৷ গণেশ বিঘ্ন নাশ করেন৷ আগামী জীবনের সাফল্য কামনা করে অমিত শাহ এই গণেশ দিয়েছেন৷ বিজয়-রশ্মিকা তাঁদের বাড়িতে যেখানে পুজো হয় সেখানেই এই গণেশমূর্তি রাখবেন এমনটাও জানিয়েছেন৷ অমিত শাহের সঙ্গে ভারতীয় সিনেমা নিয়েও কথা হয়েছে বিজয় রশ্মিকার৷

উদয়পুরে তাঁদের বিয়ের ছবিতে নজর কেড়েছে ওজনদার টেম্পল জুয়েলারি। প্যাস্টেল কালারের বদলে ঐতিহ্যবাহী লাল-কমলার ছোঁয়ায় পোশাকেও প্রেমের আভাস৷ তেলুগু আর কোডাভা মতে বিয়ে সেরেছেন বিজয়-রশ্মিকা৷ বিজয়-রশ্মিকার বিয়ের সাজ দেখে মনে হচ্ছিল যেন বর যেন দেবতা এবং কনে যেন জাগ্রত দেবীমূর্তি স্বয়ং। আধুনিক সাজের পরিবর্তে পারিবারিক ঐতিহ্যকে প্রাধান্য দিয়েছেন বিজয়-রশ্মিকা৷ঐতিহ্যকে সঙ্গে নিয়েও যে বিয়ের সাজ নজরকাড়া হতে পারে তা দেখিয়ে দিলেন বিজয়-রশ্মিকা। দক্ষিণী তারকাজুটির প্রেমের অভিজ্ঞান হয়ে থাকল সাজপোশাকের বিশেষ কারুকাজ৷