বলিউডে শক্তিশালী ব্যক্তিত্ব আর স্পষ্টভাষী কথা বলার জন্য আলাদা পরিচিতি রয়েছে নানা পটেকর-এর। পর্দায় যেমন তুখোড় অভিনেতা, তেমনই বাস্তব জীবনেও নিজের মূল্য বোঝেন, এই কথাই নতুন করে সামনে এল নানার এক পুরনো সাক্ষাৎকার ঘিরে।

সম্প্রতি মুম্বইয়ে প্রয়াত উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-এর প্রার্থনা সভায় উপস্থিত হয়ে আবারও শিরোনামে উঠে এসেছেন নানা। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতা পরেশ রাওয়াল-এর একটি পুরনো সাক্ষাৎকারের অংশ, যেখানে তিনি নানার ব্যক্তিত্বের এক বিরল দিক তুলে ধরেন।

সেই সাক্ষাৎকারে পরেশ জানান, নানা পটেকর তাঁর সময়ের অন্য অভিনেতাদের মতো ছিলেন না। তিনি নিজের সম্মান ও পারিশ্রমিক, দু'টো নিয়েই ছিলেন অত্যন্ত সচেতন। প্যারেশের কথায়, বলিউডে প্রথম চরিত্রাভিনেতা হিসেবে এক কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার সাহস দেখিয়েছিলেন নানা, এবং সেই দাবিও পূরণ হয়েছিল।

সাক্ষাৎকারে পরেশ আরও একটি মজার কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনার কথা বলেন। তাঁর দাবি, এক প্রযোজককে বাড়িতে ডেকে খাসির মাংস খাওয়ানোর পর নানা নাকি সরাসরি বলেছিলেন, “খেয়েছেন তো? এবার বাসনগুলো ধুয়ে দিন।” সেই প্রযোজক নাকি সত্যিই তা করেছিলেন। পরেশের মন্তব্য,  “এটাই নানা পাটেকর! সবার বাবা।” অর্থাৎ তিনি নিজের মর্যাদা বোঝেন এবং কাউকেই বাড়তি গুরুত্ব দেন না।

উল্লেখ্য, ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবির জন্য পরেশ রাওয়ালকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের আচরণে অসন্তুষ্ট হয়ে তিনি ছবিটি করেননি। তখন তিনি ৫১ লক্ষ টাকা দাবি করেছিলেন। সেই প্রসঙ্গেই নানার উদাহরণ টেনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন অভিনেতা। 

 

&t=313s

 

দু’জনের বন্ধুত্ব বহু পুরনো। ওয়েলকাম, গুলাম-ই-মুস্তাফা, হ্যাটট্রিক-সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন নানা ও প্যারেশ। মারাঠি থিয়েটারের মাধ্যমেই নানার অভিনয়জীবনের শুরু, আর প্যারেশও বহুবার বলেছেন মারাঠি থিয়েটারের শক্তিশালী ঐতিহ্যের প্রতি তাঁর গভীর শ্রদ্ধার কথা।