রাম কাপুর বর্তমানে চর্চায় রয়েছেন তাঁর কাজের জন্য। অভিনেতাকে দর্শক এখন নেটফ্লিক্সের শো 'লক আপ: সচ ইয়া সাজা' -এ দেখতে পাচ্ছেন। সেই শোয়ে অভিনেতা তাঁর সহপ্রতিযোগীদের, মূলত মহিলাদের চুমু খেয়ে বিতর্কের মুখে পড়েছেন। আর সেই ঘটনার রেশ ধরে সম্প্রতি অভিনেতা নমন সাউ অতীতের একটি ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন। 

'কসম সে' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন রাম কাপুর এবং নমন সাউ। সেই ধারাবাহিকের সেটেই রাম তাঁকে জোর করে জাপটে ধরে চুমু খান। আর অভিনেতার এই কাজের জন্য প্রশ্ন উঠতে থাকে নমনের যৌন চাহিদা নিয়ে। 

নমন এদিন এক সাক্ষাৎকারে জানান, রাম কাপুরের চুমু খাওয়ার 'অভ্যাস' আছে। আর সেটা ছেলে, মেয়ে নির্বিশেষে। নিজেও রাম কাপুরের এই চুমু খাওয়ার অভ্যাসের সাক্ষী থেকেছেন বলেই জানান নমন। অভিনেতার কথায়, ২০০৬ সালে 'কসম সে' যখন দারুণ জনপ্রিয় হয়, তখন সেই ধারাবাহিকের সেটে এক সাংবাদিক এসেছিলেন। সেই সময় তিনি যখন রামকে জিজ্ঞেস করেন নমনকে নিয়ে তিনি কী ভাবেন? তিনি তখন ভ্যানিটি ভ্যানে বসেই নমনকে জাপটে ধরে গালে চুমু খান, এবং বলেন, 'আমি নমনকে খুব ভালবাসি। ও একজন দুর্দান্ত অভিনেতা। ওর পিছনটা দারুণ। আমি ওর থেকে অনুপ্রাণিত হই।' 

নমন জানান সেই সময় সমস্ত সংবাদপত্রে তাঁদের চুমু খাওয়ার প্রসঙ্গ নিয়ে লেখালিখি করে, হাতের বাইরে বেরিয়ে যায় গোটা পরিস্থিতি। প্রশ্ন উঠতে থাকে নমনের সেক্সুয়ালিটি নিয়ে। বলাই বাহুল্য, যেহেতু শোটা সেই সময় টিআরপির নিরিখে ভাল জায়গায় ছিল, তাই নির্মাতারা বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে যান। যদিও পরবর্তীকালে একটি সংবাদপত্রে গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত লেখা হয়,পরিস্থিতি বোঝানো হয়। কিন্তু তারপরও নমন তাঁর যৌন চাহিদা নিয়ে প্রশ্নের মুখে পড়তে থাকেন। 

নমন জানান, সেই ঘটনা তাঁকে এবং তাঁর পরিবারকে মানসিক চাপে ফেলে দিয়েছিল। অভিনেতার কথায়, 'আমার পরিবার খুবই ভেঙে পড়েছিল হেডলাইনগুলো দেখে। আমাকেও বিষয়টা বেশ বিব্রত করত। লোকজন এসে এসে আমায় প্রশ্ন করা শুরু করল আমি স্ট্রেট কিনা, আমি গে কিনা। ইন্ডাস্ট্রিতে তখন আমি একদম নতুন, আর সেই সময় এমন ঘটনা ঘটেছিল।' 

রাম কাপুরের উদ্দেশ্যে নমন এদিন বলেন, তিনি অতিরিক্ত এক্সপ্রেসিভ। কিন্তু স্থান, কাল, পাত্র দেখে তাঁর নিজেকে সংযত করা উচিত বলেই দাবি করেন অভিনেতা। 

কী নিয়ে এত বিতর্ক? 'লক আপ ২' -এর অন্যতম প্রতিযোগী শ্রেয়া কালরা সম্প্রতি জানান রাম কাপুর তাঁর অনিচ্ছা সত্ত্বেও জোর করে চুমু খাওয়ার কারণে তিনি অস্বস্তিতে পড়েন।