আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...।
পুরী ধামে এলেন নাগা-শোভিতা
ওড়িশার পুরীর মন্দিরে এখন দক্ষিণী তারকাদের মাঝেমধ্যেই দেখা যায়। সম্প্রতি ওড়িশার ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছালেন জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য এবং তাঁর স্ত্রী অভিনেত্রী শোভিতা ধুলিপালা। বিয়ের এক বছর পূর্ণ হওয়ার কয়েক মাস পরেই এই তারকা দম্পতিকে দেখা গেল পুরীর দরবারে। শনিবার সকালে কড়া নিরাপত্তার ঘেরাটোপে মন্দিরে প্রবেশ করেন তাঁরা। এই আধ্যাত্মিক সফরে তাঁদের পরনে ছিল সম্পূর্ণ সাবেকি পোশাক। মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় তাঁদের দেখতে অনুরাগীদের ভিড় উপচে পড়ে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাগা চৈতন্য হাসিমুখে ‘জয় জগন্নাথ’ ধ্বনি দেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৪ ডিসেম্বর এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জুটি। এর আগে ২০২২ সাল থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল, যদিও তাঁরা জনসমক্ষে তা নিয়ে কখনও মুখ খোলেননি। হায়দরাবাদে বাগদান সেরে ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা।
বিশেষ সম্মাননা রশ্মিকার
তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে ২০২৫ সালের মর্যাদাপূর্ণ ‘গাদ্দার চলচ্চিত্র পুরস্কার’-এর বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছে। প্রাক্তন ‘নন্দী পুরস্কার’-এর পরিবর্তে প্রবর্তিত এই সম্মাননায় এবার সেরা অভিনেত্রীর মুকুট জিতে নিয়েছেন রশ্মিকা মন্দানা। ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেত্রীর সম্মান উঠল রশ্মিকার হাতে। বিজয় দেবরকোন্ডার সঙ্গে বিয়ের পর পরই এই স্বীকৃতি সৌভাগ্যের প্রতীক হিসাবে দেখছেন অভিনেত্রী।
অগ্রিম টিকিট বিক্রিতে ঝড় তুলল 'ধুরন্ধর ২'
বলিউডে এখন শুধুই রণবীর সিং-এর গর্জন। বহুল প্রতীক্ষিত ছবি 'ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ'-এর ট্রেলার মুক্তি পেতেই উত্তাল নেটপাড়া। আদিত্য ধরের পরিচালনায় এই স্পাই থ্রিলারটি যে অ্যাকশনের সব সীমা ছাড়িয়ে যাবে, তার আভাস মিলেছে ট্রেলারেই। প্রায় সাড়ে তিন মিনিটের এই ভিডিওতে রণবীরকে দেখা যাচ্ছে এক বিধ্বংসী লুকে। গল্পের প্রেক্ষাপট পাকিস্তানের লেয়ারি শহর। ছবির প্রথম ভাগে অক্ষয় খান্নার চরিত্র 'রহমান ডাকাত'-এর মৃত্যুর পর সেখানকার ক্ষমতা এখন হামজা অর্থাৎ রণবীর সিং-এর হাতে। ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপালের মতো অভিনেতারা। বিশেষ চমক হিসেবে থাকছে সারা অর্জুন। জানা গিয়েছে, ছবিটির দৈর্ঘ্য প্রায় চার ঘণ্টা হতে পারে। আগাম বুকিংয়ের ক্ষেত্রেও ছবিটি রেকর্ড গড়ছে। জানা যাচ্ছে, ট্রেলার মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় পাঁচ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
