পূর্বজন্মের ঘটনাকে কেন্দ্র করে এগোচ্ছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'। মাঝেমধ্যেই এখন অপর্ণাকে দেখা দেয় রাজনন্দিনী। তবে এবার হঠাৎই ধারাবাহিকের শুটিং ফ্লোরে ভূতের উপদ্রবের সাক্ষী হলেন কলাকুশলীরা! সম্প্রতি, সমাজমাধ্যমে এই ভৌতিক কাণ্ডের কথা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী সৌমিলি দাস। তাঁকে মেগায় অপর্ণার কাছের বান্ধবী 'রুম্পা'র চরিত্রে দেখা যাচ্ছে। 

সমাজমাধ্যমে একটি ভিডিও ভাগ করে সৌমিলি জানান তাঁরা ভৌতিক কাণ্ডের সাক্ষী। তাঁর কথায়, "প্রথমে আমিও বিশ্বাস করিনি। তবে চোখের সামনে প্রমাণ দেখে আঁতকে উঠতে বাধ্য হয়েছি।" সৌমিলি দেখান তাঁদের মেকআপ রুমের আয়নায় একটা উল্টো পায়ের ছাপ। পায়ের ছাপ দেখে তাঁদের মনে হয়েছে এটা কোনও ছোট বাচ্চার পায়ের ছাপ। শুধু তাই-ই নয়, দুটো উল্টো হাতের ছাপও নজরে পড়ছে। তবে হাতের পাতার ছাপ দেখে তাঁদের অনুমান, এটা কোনও প্রাপ্তবয়স্ক মানুষের হাত হতে পারে। কিন্তু মেকআপ রুমের আয়নায় উল্টো হাত-পায়ের ছাপ কেন থাকবে? এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে বুক দুরুদুরু শুরু হয়েছে কলাকুশলীদের। 

শুধু সৌমিলি নয়, ধারাবাহিকের আরও এক অভিনেতা শ্যামাশিস পাহাড়িও একই দাবি করেছেন। তাঁকে ধারাবাহিকে দর্শক অপর্ণার বাবা 'সতীনাথ'-এর চরিত্রে দেখছেন। এদিন সমাজমাধ্যমে তিনিও একই ঘটনার কথা উল্লেখ করেছেন। 

তবে আসল বিষয়টা কি? সত্যিই অলৌকিক কাহিনি নাকি অন্য কোনও ব্যাপার ঘটছে এই ধারাবাহিকের সেটে? তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই শোনা গিয়েছিল বছর ঘুরতেই নাকি শেষের পথে হাঁটছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'। এই ধারাবাহিক ঘিরে শুরু থেকেই বহুবার শেষের গুঞ্জন এসেছিল। নায়ক-নায়িকার দ্বন্দ্ব থেকে শুরু করে চ্যানেলের সঙ্গে প্রযোজনা সংস্থা এসভিএফ-এর মনোমালিন্য নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। মাঝে নায়িকা বদল করেও স্বস্তি মেলেনি, এবার নাকি সত্যিই ইতি টানছে এই ধারাবাহিক। 


টলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই এই খবর শোনা যাচ্ছে।‌ আজকাল ডট ইন-এর পক্ষ থেকে এই বিষয়ে জানতে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী শিরিন পালের সঙ্গে। এই মুহূর্তে দর্শক ধারাবাহিকে তাঁকে 'অপর্ণা'র চরিত্রে দেখছেন। শিরিনের কথায়, "সত্যি বলতে কী এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই জানি না। আমাদের কাছে কল টাইম আসে, সেই অনুযায়ী কাজ করি। এর থেকে বেশি কিছু জানতেও পারি না। তাই ধারাবাহিকের মেয়াদ যতদিনই হোক কাজ যেমন করছি করে যাব।"

শুরুতে এই মেগার হাত ধরে বহু বছর পর ছোটপর্দায় ফিরেছিলেন জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়। প্রথমদিকে দু'জনের মধ্যে বেশ ভাল বোঝাপড়া থাকলেও মাঝে অশান্তি চরম পর্যায়ে পৌঁছয়। আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হয়ে ধারাবাহিক ছেড়ে দেন দিতিপ্রিয়া। সেই জায়গা পূরণ করতে নতুন অপর্ণা হয়ে আসেন নবাগতা শিরিন পাল। প্রথমদিকে জিতুর পাশে শিরিনকে মেনে নিতে দর্শকের অস্বস্তি হলেও এখন এই জুটিকে চোখে হারান তাঁরা। 

নতুন নায়িকার সঙ্গে জিতুর বোঝাপড়া যে বেশ ভাল তা তাঁদের সমাজমাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়। এদিকে গল্পও এগোচ্ছে একেবারে 'হাই পিচ'-এ। সবেমাত্র রাজনন্দিনীর চরিত্রটিকে ধারাবাহিকে দেখানো হয়েছে। তার সঙ্গে অপর্ণার যোগসূত্র নিয়ে এখন টানাপোড়েন চলছে। আর্য আসল অপরাধী কিনা, সেই নিয়েও চলছে টানটান উত্তেজনাপূর্ণ পর্ব।‌ এর মাঝেই কীভাবে ইতি টানবে এই ধারাবাহিক? কেনই বা এই গুঞ্জন এল? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা।