আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
অবশেষে উদ্ধার রোহিতের বাড়ির হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র
গত ১ ফেব্রুয়ারিতে বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রোহিত শেট্টির মুম্বইয়ের জুহুর বাড়ির সামনে চার রাউন্ড গুলি চালায় আততায়ীরা। এরপরই বাণিজ্যনগরীতে রীতিমত হইচই পড়ে যায়। শুরু হয় তদন্ত। মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্টের অধীনে মামলা রুজু করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। দু'জন সন্দেহভাজন শুটারকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ৬ জনকে হরিয়ানা এবং উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। এবার জানা গেল রোহিতের বাড়িতে হামলা চালানোর জন্য যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল সেটা পুলিশের তরফে উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, সেটিকে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে ব্যালিস্টিক পরীক্ষার জন্য।
প্রিয়াঙ্কার 'কেরিয়ারের মোড় ঘোরানো' কাজ 'বারাণসী'!
প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘ সময় পর ফের ভারতীয় কোনও প্রজেক্টে কাজ করলেন। এসএস রাজামৌলি পরিচালিত 'বারাণসী' ছবিতে তাঁকে 'মন্দাকিনী'র চরিত্রে দেখা যাবে। এই ছবির হাত ধরে তিনি যে কেবল ভারতীয় ছবির দুনিয়ায় ফিরলেন সেটা নয়, একই সঙ্গে তেলুগু ছবিতে ডেবিউ করছেন। এবার অভিনেত্রী একটি সাক্ষাৎকারে জানালেন 'বারাণসী' ছবিটি আদতে তাঁর কেরিয়ারের মোড় ঘোরানো একটা প্রজেক্ট। অভিনেত্রীর কথায়, 'পরিচালকের নাম এসএস রাজামৌলি। তিনি ভারতের অন্যতম সেরা পরিচালক এবং চিত্রনির্মাতা। তাঁর এই ছবিটি আমার জন্য কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা ছবি। আমি ভীষন উত্তেজিত ছবিটি নিয়ে।' ২০১৯ সালের পর দীর্ঘ ৭ বছরের ব্রেক নিয়ে এই ছবির হাত ধরে তিনি ভারতীয় ছবিতে পুনরায় ফিরলেন। এখন প্রিয়াঙ্কা চোপড়া মূলত হলিউড প্রজেক্টে কাজ করছেন।
শঙ্করের আগামী ছবি 'ভেলপরী'তে ধনুষ?
মাঝখানে রটে গিয়েছিল ম্রুনাল ঠাকুরের সঙ্গে তাঁর বিয়ের খবর। তবে সেসব থেকে দূরে থেকে ধনুষ এখন সম্পূর্ণ ফোকাস তাঁর কাজেই রেখেছেন। সদ্যই তিনি তাঁর দু'টো ছবির কথা ঘোষণা করেছেন, 'কারা' এবং 'ডি ৫৫'। এবার কানাঘুষোয় শোনা যাচ্ছে পরিচালক এস শঙ্করের আগামী প্রজেক্ট 'ভেলপরী'তে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পারেন অভিনেতা। যদিও এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কিন্তু খবর রটার পরই ধনুষের অনুরাগীদের মধ্যে উত্তেজনা দেখা গিয়েছে।
