হাতে হাতকড়া, পুলিশ ভ্যান থেকে নামছেন ম্রুণাল ঠাকুর! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর গ্রেফতার হওয়ার ছবি, ভিডিও। হঠাৎ কী কারণে এমনটা হল? আসলে সবটাই প্রচারের জন্য। সদ্য মুক্তি পেয়েছে ম্রুণালের তেলুগু ছবি 'ডেকয়েট' বা 'ডাকাত'-এর প্রথম ঝলক। আর তার প্রচারেই দর্শককে চমকে দিতে এমন অভিনব পরিকল্পনা প্রযোজনা সংস্থার।
তেলুগু ইন্ডাস্ট্রিতে এখন নতুন ধামাকার অপেক্ষা। অনেকদিন ধরেই জল্পনা চলছিল আদিভি সেশ এবং ম্রুণাল ঠাকুরের নতুন ছবি নিয়ে। অবশেষে প্রকাশ্যে এল তাঁদের আসন্ন ছবির ঝলক। আর সেই ট্রেলার মুক্তি পেতেই ইন্টারনেটে শোরগোল পড়ে গিয়েছে। গতানুগতিক প্রেমের গল্পের ছক ভেঙে এই ছবি এক রুদ্ধশ্বাস বদলার কাহিনি বলতে চলেছে।
ছবির নাম শুনেই আন্দাজ করা গিয়েছিল যে এতে অপরাধ জগতের ছোঁয়া থাকবে। কিন্তু ট্রেলারটি দর্শকদের প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। এখানে শুধু প্রেম নেই, আছে পিস্তলের গর্জন, হাই-স্পিড কার চেজ আর হাড়হিম করা ডাকাতির দৃশ্য। ছবির প্রেক্ষাপট বেশ ধূসর, যা দর্শকদের এক মুহূর্তের জন্যেও চোখ সরাতে দেয় না।
স্যানেল দেও-এর পরিচালনায় গল্পের কেন্দ্রে রয়েছেন আদিভি সেশ এবং ম্রুণাল ঠাকুর। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুরাগ কাশ্যপ। এই ছবির মাধ্যমেই তেলুগু ছবির জগতে অভিষেক হল তাঁর। গল্পে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রকাশ রাজকে।
সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা ইতিমধ্যেই আদিভি ও ম্রুণালের জুটিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, এই জুটির জন্য সিনেমাটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে। সব মিলিয়ে, অ্যাকশন, রোম্যান্স আর চমকের মিশেল দেখার জন্য এখন অধীর অপেক্ষায় সিনেমাপ্রেমীরা। চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হিসেবে নাম লিখিয়ে নিয়েছে এই ছবিটি। জানা যাচ্ছে, ১০ এপ্রিল সারা বিশ্ব জুড়ে বিভিন্ন ভাষায় মুক্তি পাবে এই ছবিটি।
















