বিগত কয়েক মাস ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। নিজেরা স্বীকার না করলেও, বা এই জল্পনায় সিলমোহর না দিলেও, কানাঘুষোয় তাঁদের প্রেমের কথা শোনা যাচ্ছিল। এবার জানা যাচ্ছে, এই সম্পর্কে ইতি টেনেছেন ম্রুণাল এবং ধনুশ। সূত্রের খবর, তাঁদের ব্রেকআপ হয়েছে, আর একে অন্যকে ডেট করছেন না। কিন্তু কেন? কী কারণে সম্পর্ক ভাঙল সেটা স্পষ্ট নয়।
ম্রুণাল ঠাকুর এবং ধনুশের প্রেমের চর্চা বিগত কয়েক মাস ধরেই হয়ে আসছে। ২০২৫ সালের অগাস্ট মাসে প্রথমবার এই জল্পনা রটে। ম্রুণাল অভিনীত 'সন অফ সর্দার ২' ছবির প্রিমিয়ারে তাঁদের দু'জনকে একত্রে দেখা গিয়েছিল। এছাড়া তার আগে ধনুশের ছবি 'তেরে ইশক মে' -এর র্যাপ আপ পার্টিতে ছিলেন অভিনেত্রী। দুইয়ে দুইয়ে সহজেই চার করেছিলেন তাঁদের অনুরাগীরা। আর সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছে ম্রুণাল ধনুশের দুই বোন ডক্টর কার্তিকা কার্তিক এবং বিমল গীতাকে ইনস্টাগ্রামে ফলো করার বিষয়টা।
এই জল্পনা রটার পর তাঁদের ঘনিষ্ঠ সূত্রের তরফে সেটা নিশ্চিত করা হয়। জানানো হয় তাঁরা সত্যিই প্রেম করছেন। তবে যেহেতু ব্যাপারটা একদমই নতুন ছিল, তাই তাঁরা কাউকে জানাতে চাননি। এমনকী একত্রে কোথাও যাওয়া, বা ক্যামেরায় যাতে ধরা না পড়েন সেই দিকেও নজর রেখেছিলেন। তবে অভিনেত্রী নিজে এই গোটা জল্পনাকে উড়িয়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন ধনুশ কেবলই তাঁর 'ভাল বন্ধু' হন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎই রটে যায় তাঁরা নাকি বিয়ে করতে চলেছেন। এমনকী দু'জনের এআই দ্বারা নির্মিত বিয়ের ছবিও ভাইরাল হয়। তবে সেই সময় সমস্ত জল্পনাকে নস্যাৎ করে সূত্রের তরফে জানানো হয়, তাঁরা মোটেই এখন বিয়ে করছেন না। এবার তার কয়েক মাসের মধ্যেই রটে গেল যে তাঁদের পথ আলাদা হচ্ছে।
প্রসঙ্গত, ধনুশ এর আগে ঐশ্বর্য রজনীকান্তকে বিয়ে করেছিলেন। ২০০৩ সালে একটি ছবির সেটে তাঁদের আলাপ হয়। সেই আলাপ গড়ায় প্রেম এবং বিয়েতে। তবে ২০২২ সালে তাঁরা তাঁদের ১৮ বছরের সেই দীর্ঘ বৈবাহিক সম্পর্কে ইতি টানেন। তাঁদের দুটি সন্তান আছে, যাত্রা এবং লিঙ্গ।















