কলকাতার বুকে ফের ঘনাচ্ছে রহস্যের মেঘ। আর সেটার সমাধান করতেই মাঠে নামছে ঋত্বিক চক্রবর্তী। সঙ্গে রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়, মীর আফসার আলি এবং অর্পণ ঘোষাল। ভাবছেন, অভিনেতা হয়েও এঁরা হঠাৎ কীভাবে রহস্যে জড়ালেন? আসলে এঁরা রহস্যের কিনারা করবেন ঠিকই, তবে সেটা পর্দায়।
২০২৫ সালে মুক্তি পাওয়া 'মৃগয়া: দ্য হান্ট' মুক্তি পাওয়ার পর রীতিমত হইচই পড়ে গিয়েছিল। দর্শকদের থেকে তুমুল সাড়া পেয়েছিল এই ছবি। এবার আসছে এর পরবর্তী ভাগ, 'মৃগয়া ১.৫'।
এই ছবির গল্প এগোবে 'শ্রেয়াংশী' নামক এক মেয়েকে কেন্দ্র করে। সে রহস্যময় ভাবে নিজের বাড়িতেই নির্যাতিত হয়। মৃগয়া পরবর্তী সময় ঘটে এই ঘটনা। আর এই রহস্যময় নির্যাতনের ঘটনার সমাধান করতে মাঠে নামেন শোভাবাজার থানার ওসি দেবাঞ্জন দত্ত, এসআই জয়িতা সেন। তাঁদের সঙ্গে থাকবেন এসআই পরিতোষ সাহা এবং সিনিয়র অফিসার অগ্নিশ্বর।
এই দল তদন্ত করতে নেমে মুখোমুখি হয় রহস্যময় আততায়ীর। ক্রমাগত চলতে থাকে এই এতটিইর মস্তিষ্ক এবং পেশীর সঙ্গে পুলিশের লড়াই। কিন্তু শেষ পর্যন্ত কি এই রহস্যের কিনারা করতে পারবে দেবাঞ্জন, জয়িতারা? উত্তর 'মৃগয়া ১.৫' ছবিতে পাওয়া যাবে।
বলাই বাহুল্য এই ছবিটিও টানটান রুদ্ধশ্বাস অ্যাকশন এবং রহস্যে পরিপূর্ণ হবে। 'মৃগয়া ১.৫' ছবিতে উঠে আসবে দেবাঞ্জনের অতীতের কথাও। এই ছবিতে দেবাঞ্জনের চরিত্রে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী, যিনি এর আগে মৃগয়া ছবিতেও ছিলেন। জয়িতার চরিত্রে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। পরিতোষ এবং অগ্নিশ্বরের ভূমিকায় যথাক্রমে নজর কাড়বেন অর্পণ ঘোষাল এবং মীর আফসার আলি। শ্রেয়াংশীর চরিত্রে থাকবেন অনন্যা ভট্টাচার্য। অনন্যা রয়েছেন এমন এক চরিত্রে, যা দর্শকের মন জয় করে নেবে নিশ্চিত রূপে। শহরের অদ্ভুত এক দিক, এক অন্যরকম অপরাধ সংগঠন আর তার নিরাময়ের মরনপন চেষ্টা এই গল্পের ইউএসপি। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন আর্য দাশগুপ্তও। তবে 'মৃগয়া' ছবিতে যাঁদের দেখা গিয়েছিল অর্থাৎ বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ দাস, প্রমুখকে দেখা যাবে না এই ছবিতে।
'মৃগয়া'র মতোই 'মৃগয়া ১.৫' পরিচালনা করবেন অভিরূপ ঘোষ। গল্পটি দেবাশিস দত্তের। চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে সংলাপ এবং অতিরিক্ত চিত্রনাট্য লিখেছেন সৌমিত দেব। রাণা মজুমদার সঙ্গীতের দায়িত্বে আছেন। রয়েছে দু'টো অসাধারণ সঙ্গীত। তবে ছবিটি কবে মুক্তি পাচ্ছে সেটা এখনও প্রকাশ্যে আনা হয়নি।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ঋত্বিক চক্রবর্তীকে দর্শক শেষবার 'কার্মা কোর্মা' সিরিজে দেখেছেন পুলিশের ভূমিকায়। অন্যদিকে কৌশানী মুখোপাধ্যায়কে দর্শক 'রক্তবীজ ২' ছবিতে দেখেছেন। আগামীতে তাঁকে এই ছবির পাশাপাশি 'আদালত ও একটি মেয়ে' সিরিজেও দেখা যাবে।
