মুম্বইয়ের বান্দ্রায় বুধবার গভীর রাতে বন্ধুদের সঙ্গে নৈশভোজে বেরিয়েছিলেন অভিনেত্রী মৌনী রায়। সুরজ নাম্বিয়ারের সঙ্গে তাঁর বিয়ে ভাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন জোর চর্চা চলছে, ঠিক তখনই জনসমক্ষে ধরা দিলেন তিনি। বিবাহবিচ্ছেদের গুঞ্জন শুরু হওয়ার পর এই প্রথম জনসমক্ষে ধরা দিলেন।
এর আগে মৌনী তাঁর ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে সবাইকে অনুরোধ করেছিলেন যেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মিথ্যা খবর না ছড়ানো হয়। তিনি নিজের গোপনীয়তাকে সম্মান জানানোর আহ্বান জানালেও সুরজ নাম্বিয়ার এই বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

সেদিন রাতে মৌনীকে একটি কালো রঙের পোশাকে দেখা গিয়েছিল। পাপারাজ্জিদের ক্যামেরার ক্যামেরা দেখে একটুও অস্বস্তিতে না পড়ে দিব্যি রেস্তোরাঁ থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন তিনি। অভিনেত্রীর এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নিমেষে তা ভাইরাল। বিবাহবিচ্ছেদের খবর ছড়ানোর পড়েও মৌনীর এই স্বাভাবিক থাকার বিষয়টা দেখে অনেক নেটিজেনই সন্দেহ প্রকাশ করেছেন। অনেকের মতে বেশ কিছু মাস আগেই নাকি বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে মৌনী ও সুরজের।
সম্প্রতি দেখা গিয়েছে, ইনস্টাগ্রামে তাঁরা একে অপরকে আনফলো করেছেন। শুধু তাই নয়, মৌনী তাঁর প্রোফাইল থেকে সুরজের সঙ্গে থাকা সব ছবিও রাতারাতি মুছে ফেলেছেন। তারপর সুরজ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও মুছে ফেলেছেন। তাঁদের এই রহস্যময় আচরণ দেখে অনুরাগীরা মনে করছেন যে, এই দম্পতির সংসারে হয়তো চিড় ধরেছে।
প্রসঙ্গত, ২০১৯-এ দুবাইয়ে মৌনী ও সুরজের প্রথম দেখা হয়েছিল। তিন বছর প্রেমের পর ২০২২ সালের জানুয়ারিতে গোয়ার একটি রিসোর্টে জাঁকজমকভাবে বিয়ে করেন তাঁরা। মালয়ালি ও বাঙালি, দুই রীতি মেনেই তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের চার বছর পর হঠাৎ কেন তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হল, তা নিয়ে নেটিজেনদের মধ্যে এখন ব্যাপক আলোচনা চলছে। তবে বিষয়টি নিয়ে মৌনী বা সুরজ কেউই এখনও পর্যন্ত মুখ খোলেননি।
















