'মন্টু পাইলট' আবারও ফিরে এসেছে। নতুন চরিত্রের সংযোজন থেকে শুরু করে, পুরনো চরিত্রের ফিরে আসা। সবটা মিলিয়েই মন্টু পাইলট থ্রি দর্শকদের থেকে ভাল সাড়া পাচ্ছে। এর মাঝেই আজকাল ডট ইনের মুখোমুখি হয়েছিল সৌরভ দাস। সমাজমাধ্যম, কটাক্ষ, ট্রোল নিয়ে কী বললেন অভিনেতা?
কখনও পোশাক, কখনও স্ত্রীকে নিয়ে করা মন্তব্যের কারণে কটাক্ষের মুখে পড়েন 'মন্টু পাইলট', ওরফে সৌরভ দাস। গোটা বিষয়টাকে কীভাবে সামলান তিনি? এই বিষয়ে অভিনেতা বলেন, "দেখো তুমি যদি আজ ইন্ডিয়ান টিমের খেলোয়াড়দের বলো তুমি আজ ইডেন গার্ডেনসে নামছ, ৮০ হাজার মানুষ চিৎকার করছে, তোমার কি টেনশন হচ্ছে? টেনশন হয়, চাপটা থাকে। কিন্তু একটা সময় তুমি তাতে অভ্যস্থ হয়ে যাও। এটাকে নিয়ে চলায় তুমি অভ্যস্থ হয়ে যাও। তো সেটাই হয়েছে আমাদের। আমি আমাকে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে তুলনা করছি না। কিন্তু তুমি যখন জানো তুমি মানুষের চোখের সামনে রয়েছে, তখন জানো নানা ধরনের জিনিস ঘটবে। বলে না চামড়া মোটা, সেটা অত্যন্ত নিম্নমানের কথা যদিও। কিন্তু আমি বলব আমরা অভ্যস্থ হয়ে গিয়েছি এসব জিনিসে। আমি মিথ্যে বলব যদি আমি বলি যে আমার কিছু যায় আসে না।"
তিনি এদিন এও জানান তিনি সমাজমাধ্যমে আসা মন্তব্য পড়েন না। অভিনেতার কথায়, "আমি কমেন্টস পড়ি না। আমি আমার কাজের জিনিসই পোস্ট করি সমাজমাধ্যমে। আমার ব্যক্তিগত ছবি থাকে না। আমি সমাজমাধ্যমকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করি কাজের প্রচারের জন্য। ইনস্টাগ্রাম একটু পার্সোনাল, সেখানে নিজের ছবি দিতে পারো ঠিকই, কিন্তু আমি সেটাকেও কাজের জায়গা বানিয়ে দিয়েছি। ফেসবুক তো ছিলই বরাবর। খুবই কম পোস্ট করি। টিম পোস্ট করে বাকি। আর কমেন্ট সেকশন তো বন্ধ থাকে। আমি সোশ্যাল ডিটক্সে আছি। ফলে এটা আমায় বদার করে না। তুমি যদি নাই জানো কে তোমায় গালাগালি করছে, তোমার কিছু যাবে আসবে না।"
প্রসঙ্গত, গত ৪ মার্চ থেকে হইচই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে 'মন্টু পাইলট ৩'। এখানে আবারও নাম ভূমিকায় দেখা যাচ্ছে সৌরভ দাসকে। তাঁর বিপরীতে প্রথম সিজনের পর এবারও রয়েছেন শোলাঙ্কি রায়। সঙ্গে রয়েছেন চান্দ্রেয়ী ঘোষ। এই সিজনের নতুন সংযোজন কিউ এবং পার্নো মিত্র। দেবালয় ভট্টাচার্য সিরিজটির পরিচালনা করেছেন। এটাই সিরিজটির শেষ সিজন কিনা জানতে চাইলে অভিনেতা জানিয়েছেন, 'এখানে মরা মানুষও ফিরে আসে।' ফলে দর্শক যদি চায় এবং পরিচালক, প্রযোজক যদি মনে করে তাহলে ফিরতেই পারে এই সিরিজের পরবর্তী অংশ।
