'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের শেষ হওয়ার খবর রটে গিয়েছিল মাঝে। কিন্তু সেই ভুয়ো খবরের জল্পনা নস্যাৎ করে একের পর এক চমক আসছে ধারাবাহিকের গল্পে। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে গোরার ফোনে আলিয়া ফোন করেছে। সে রাস্তায় গাড়ির পিছনে লুকিয়ে কোনও ক্রমে কথা বলে। বারবার জিজ্ঞেস করে গোরা সামনে আছে কিনা। কেন, গোরাকে কী জন্য দরকার জানতে চায় এলা। জবাবে আলিয়া বলে সে মৈনাকের সব সত্যি জেনে গিয়েছে। জেনে গিয়েছে তার সব পরিকল্পনাও। ও সেই ব্যাপারে কথা বলতে চায়। 

এলা তার থেকে বিস্তারিত জানতে চায়। প্রশ্ন করে, সে এরম কেন করছে। আলিয়া বলার চেষ্টা করতেই তাকে খুঁজে পেয়ে যায় মৈনাকের গুন্ডারা। এখন এটাই দেখার পালা আলিয়াকে কি তারা মেরে ফেলবে, নাকি এলা বাঁচাতে পারবে। সবথেকে বড় কথা মৈনাকের আসল রূপ, তার সমস্ত গোপন কথা সকলের সামনে ফাঁস হয় কিনা সেটাই দেখার। 

প্রসঙ্গত, হালে যখন 'মিলন হবে কতদিনে' ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা রটে আজকাল ডট ইনের তরফে যোগাযোগ করা হয় গৌরব চট্টোপাধ্যায়কে। পর্দার 'গোরা' প্রশ্ন শুনেই অভিনেতা রীতিমত চমকে ওঠেন। বলেন, "হ্যাঁ? না না। এটা সম্পূর্ণ ভুল। আমাদের কাছে এমন কোনও খবর নেই।" একই সঙ্গে তিনি জানান তাঁরা এখনও আগের মতোই শুটিং করছেন, কল টাইম পাচ্ছেন। 

আসলে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকটি প্রায় ৩ মাস হল শুরু হয়েছে। কিন্তু 'গাঁটছড়া' ধারাবাহিকের 'খড়িদ্ধি' জুটি ফিরলেও, সেই ম্যাজিক ফেরেনি এখনও। টিআরপিতে তেমন ছাপ রাখতে পারছে না এই ধারাবাহিক। আর সেখানে চ্যানেল কর্তৃপক্ষের তরফে একের পর এক নতুন ধারাবাহিক ঘোষণা করা হচ্ছে। আর সেই কারণেই অনেকে মনে করেছেন, বেহাল টিআরপির কারণেই হয়তো বন্ধ হবে 'মিলন হবে কতদিনে'। রণজয় বিষ্ণুর 'প্রতিজ্ঞা' ধারাবাহিকের আগমনে কপাল পুড়বে শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়ের এই ধারাবাহিকের। কিন্তু এদিন অভিনেতা স্পষ্ট করে দিলেন এটা কেবলই জল্পনা। 

স্টার জলসার পর্দায় নিয়মিত সম্প্রচার হয় মিলন হবে কতদিনে। এটি রোজ রাত সাড়ে ৯টা থেকে দেখা যায়।