বলিউডে যদি এমন কোনও  গায়কের নাম বলতে হয়, যাঁর কণ্ঠ ছাড়া যেকোনও বিয়ের আসর, পাব বা বার্থডে পার্টির নাচ এক্কেবারে অসম্পূর্ণ— তিনি হলেন মিকা সিং। সম্প্রতি তিনি পেরিয়ে এলেন ওঁর জীবনের ৪৯তম বসন্ত । আসল নাম অমৃখ সিং হলেও বিনোদন দুনিয়া ওঁকে চেনে বলিউডের অবিসংবাদিত ‘পার্টি অ্যান্থেম কিং’ হিসেবে। কিংবদন্তি পাঞ্জাবি পপ তারকা দালের মেহেন্দির ছোট ভাই মিকার জীবন কিন্তু কোনও সিনেমার চেয়ে কম নয়।

১৯৯৮ সালে ‘সাওয়ান মে লগ গায়ি আগ’ দিয়ে ডেবিউ করা মিকা আজ শুধু ভারতের অন্যতম শীর্ষ গায়কই নন, বরং এক বিশাল রিয়েল এস্টেট টাইকুন বা আবাসন ব্যবসায়ী। গায়কের ৪৯তম জন্মদিনে এক নজরে দেখে নেওয়া যাক ওঁর বিলাসবহুল জীবনযাত্রা, মোট সম্পত্তির পরিমাণ এবং চোখ কপালে তোলার মতো গাড়ি-বাড়ির কালেকশন।

বিগত ২৮ বছরের দীর্ঘ মিউজিক কেরিয়ারে ভর করে ২০২৬ সালের হিসেব অনুযায়ী মিকা সিং-এর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৭০ থেকে ৮২ কোটি টাকা। ওঁর আয়ের প্রধান উৎসগুলো হল:

বলিউড প্লে-ব্যাক: মেইনস্ট্রিম হিন্দি ছবির একটি গানের জন্য মিকা প্রায় ২০ থেকে ২২ লাখ টাকা পারিশ্রমিক নেন। ‘মৌজা হি মৌজা’, ‘ঢিঙ্কা চিকা’, ‘সুভাহ হোনে না দে’ থেকে শুরু করে সদ্য মুক্তি পাওয়া ‘পুষ্পা ২’-এর ‘পুষ্পা পুষ্পা’ গানের আকাশছোঁয়া সাফল্য ওঁর দর আরও বাড়িয়েছে।

লাইভ কনসার্ট ও বিয়েবাড়ি: যেকোনও লাইভ স্টেজ শো বা হাই-প্রোফাইল বিয়েবাড়িতে পারফর্ম করার জন্য মিকা সিং প্রতি অনুষ্ঠানের জন্য ৩০ থেকে ৫০ লাখ টাকা চার্জ করেন।

রিয়েলিটি শো ও মিউজিক লেবেল: বিভিন্ন নামী রিয়েলিটি শো-তে বিচারকের আসন অলঙ্কৃত করার জন্য তিনি মোটা টাকা পান। এছাড়া ওঁর নিজস্ব একটি মিউজিক লেবেলও রয়েছে।


মিকা সিং ওঁর গানের রয়্যালটি থেকে উপার্জিত অর্থের একটা বড় অংশ রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছেন। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে মিকা এক অবিশ্বাস্য তথ্য ফাঁস করে জানান, ভারতের বিভিন্ন বড় বড় শহরে ওঁর নিজস্ব ৯৯টি আবাসিক সম্পত্তি (ফ্ল্যাট ও বাড়ি) রয়েছে এবং খুব তাড়াতাড়ি ওঁর এই প্রপার্টির সংখ্যা ১০০ ছুঁতে চলেছে!

এখানেই শেষ নয়, দিল্লির কাছে ওঁর একটি ১০০ একরের বিশাল ফার্মহাউস (খামারবাড়ি) রয়েছে, যা দেখলে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। এই ফার্মহাউসের ভেতর কী কী আছে জানেন?

২৫ একরের একটি নিজস্ব হ্রদ।

হ্রদে ঘুরে বেড়ানোর জন্য ৭টি ব্যক্তিগত বোট বা নৌকা।

ওঁর পছন্দের বেশ কিছু দামী ঘোড়া এবং পোষ্য কুকুরের দল।

চাষবাসের শখে ওই ফার্মহাউসের জন্য ওঁর একটি নিজস্ব ‘সোনালিকা’ ট্রাক্টরও রয়েছে।

দূর পাল্লার ট্যুর বা যাতায়াতের জন্য মিকা সিং প্রায়শই ওঁর নিজস্ব প্রাইভেট জেট ব্যবহার করেন, যার ভেতরের রাজকীয় ছবি তিনি প্রায়ই ওঁর ১ কোটি ৬২ লাখ ফলোয়ার বিশিষ্ট ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে থাকেন।

গাড়ির প্রতি মিকার ভালবাসা সর্বজনবিদিত। ওঁর গ্যারেজে সাজানো রয়েছে বিশ্বের কিছু সেরা লাক্সারি ও হাই-পারফরম্যান্স স্পোর্টস কার:

ল্যাম্বরগিনি গ্যালার্দো : প্রায় ৩ কোটি টাকা মূল্যের ইতালিয়ান হাই-পারফরম্যান্স সুপারকার।

কাস্টম গোল্ডেন হ্যামার::   প্রায় ৮০ লাখ টাকা মূল্যের এই দানবীয় গাড়িটি মিকাই প্রথম ভারতীয় তারকা হিসেবে বিদেশ থেকে কাস্টমাইজড ‘সোনার রঙে’ ইম্পোর্ট করেছিলেন।

পোর্শে প্যানামেরা: প্রায় ১.৪৬ কোটি টাকা মূল্যের আল্ট্রা-লাক্সারি স্পোর্টস স্যালুন। 


অন্যান্য গাড়ি মার্সিডিজ-বেঞ্জ মেবাখ, ফোর্ড মাস্ট্যাঙ্গ এবং মার্সিডিজ জিএলএস ।

তবে টাকা ও ক্ষমতার জাঁকজমক থাকলেও মাটির সঙ্গে একেবারেই যোগাযোগ হারাননি এই তারকা। নিজের বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি মিকা সিং একটি নিজস্ব এনজিও পরিচালনা করেন, যা মূলত প্রান্তিক নারীদের স্বনির্ভরতা, কর্মসংস্থান এবং শিক্ষার প্রসারে কাজ করে।