মানসী সেনগুপ্তর বিচ্ছেদের গুঞ্জনে এখন তোলপাড় সমাজমাধ্যম। ছেলে অধ্যায়ের প্রথম জন্মদিনে অভিনেত্রীর পোস্ট ঘিরে জল্পনার সূত্রপাত। মানসী ছেলের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে সমাজমাধ্যমে লেখেন, 'কথা দিচ্ছি সারাজীবন তোমার বাবা ও মা হয়ে আমিই থাকব। আর সব সময় জগন্নাথদেবের উপর ভরসা রাখবে। মা সারাজীবন তোমার পাশে থাকবে।' মানসীর এই কথাগুলো দেখে নেটিজেনদের মনে সন্দেহ জেগেছিল যে তবে কি একাই সন্তানদের সামলাচ্ছেন তিনি? 

শোনা যাচ্ছে মানসীর বিচ্ছেদের গুঞ্জনও। এই বিষয়ে জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে। মানসীর কথায়, "আমরা বিচ্ছেদের পথে হাঁটছি। অনেকদিন ধরেই সম্পর্কটা আর টিকছিল না আমাদের। তাই এই সিদ্ধান্তে আসলাম, যাতে দু'জনেই ভাল থাকি।"

মানসী বলেন, "আমাদের বাহ্যিক কোনও কারণ নেই, অনেক কথাই উঠছে সোশ্যাল মিডিয়ায়, তবে এত জটিল নয় পরিস্থিতিটা। আমাদের সম্পর্কটা স্বামী-স্ত্রী হিসেবে নেই আর। আমরা এখন থেকে দুই সন্তানের জন্য শুধু বাবা-মা হয়ে থাকব। আমার মেয়ের সমস্ত পড়াশোনাটা ওর বাবাই দেখে, তাই সেটা ওই দেখবে। রোজই কথা হয় আমাদের। আসা যাওয়াও লেগে আছে। শুধু দু'জনের দাম্পত্যটা আর নেই।" 

অভিনেত্রী জানান, এই মুহূর্তে বোনের সঙ্গে থাকছেন মানসী। তাঁর স্বামী আলাদা থাকছেন তাঁদের থেকে। দুই ছেলেমেয়ে ও শুটিং নিয়ে এখন দিব্যি আছেন বলেই জানিয়েছেন তিনি। মানসী বলেন, "এটা কিন্তু আমাদের কারওর একদিনের সিদ্ধান্ত নয়। বহুবার অশান্তি হয়েছে যখন, তখন ভেবেছি এবার আলাদা হওয়া উচিত। কিন্তু বিভিন্ন কারণে আর এগোতে পারিনি বিচ্ছেদের দিকে। ছেলে-মেয়ের কথা ভেবেই এক হয়েছি। কিন্তু দিনশেষে সবার ভাল থাকার অধিকার আছে, তাই দু'জনের মতেই বিচ্ছেদের সিদ্ধান্তে এসেছি।"

প্রসঙ্গত, এই মুহূর্তে মানসীকে দর্শক দেখছেন স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিকে। তাঁকে যেমন দেখা যাচ্ছে জি বাংলার 'তারে ধরি ধরি মনে করি'তে। তেমনই আবার স্টার জলসার সদ্য শুরু হওয়া ধারাবাহিক 'গঙ্গা'তেও দেখা যাচ্ছে মানসীকে।