আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর বেশ অনেকদিন অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক ছিল মালাইকা আরোরার। তবে সেই সম্পর্কও এখন অতীত। আপাতত অভিনেত্রীর জীবনে এসেছে আরেক প্রেমিক। তাঁর সঙ্গেই নাকি চুটিয়ে প্রেম করছেন মালাইকা, সম্প্রতি এমনই জল্পনা শুরু হয়েছে। যদিও এনিয়ে মুখ খোলেননি তিনি। উল্টে বারবার তাঁর সম্পর্ক নিয়ে চর্চা হওয়ায় রীতিমতো বিরক্তও বলিউডের 'মুন্নি'। আর এরই মাঝে রাজস্থানের একটি মন্দিরে চর্চিত প্রেমিক হর্ষ মেহতার সঙ্গে দেখা গেল মালাইকাকে। যা থেকে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে, তবে কি তাঁদের মধ্যে শুধুই বন্ধুত্ব, নাকি আরও কিছু?
সম্প্রতি রাজস্থানের পালি জেলার নারলাই গ্রামের একটি জৈন মন্দিরে একসঙ্গে যান মালাইকা ও হর্ষ। দু’জনেই খুব সাধারণ পোশাকে ছিলেন। মালাইকার পরনে সাদা কুর্তা, আর হর্ষের পরছিলেন নীল শার্ট। কোনও আড়ম্বর ছাড়াই তাঁরা মন্দিরে পুজো দেন এবং কিছুটা সময় কাটান।
তবে বিষয়টি সেখানেই থেমে থাকেনি। স্থানীয় মানুষজন তাঁদের একসঙ্গে দেখে ভিড় জমাতে শুরু করেন। অনেকেই ছবি তুলতে চান, সেলফি নেন। মালাইকা ও হর্ষও হাসিমুখে সকলের সঙ্গে মিশে যান। পরিস্থিতি এতটাই ভিড় হয়ে যায় যে পরে মন্দির কর্তৃপক্ষকে হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দিতে হয়।
এই ঘটনা সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। কারণ এবারই প্রথম নয়। গত কয়েক মাসে মালাইকা ও হর্ষকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে। কখনও কনসার্টে, কখনও বিদেশ ভ্রমণে, তাই অনেকেই মনে করছেন, তাঁদের মধ্যে 'বিশেষ' সম্পর্ক থাকতেই পারে।
যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কেউই প্রকাশ্যে কিছু বলেননি। মালাইকা বা হর্ষ, কারওর পক্ষেই সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য আসেনি। ফলে জল্পনা আরও বেড়েই চলেছে। কেউ বলছেন, 'এটা নতুন প্রেম', আবার কারওর মতে, 'শুধুই ভাল বন্ধুত্ব।'
মালাইকার এই নতুন সঙ্গীকে নিয়ে কৌতূহলের শেষ নেই। জানা গিয়েছে, ৩৩ বছর বয়সী হর্ষ মেহতা পেশায় একজন সফল ব্যবসায়ী। মূলত তিনি হিরে ব্যবসায়ী হিসেবে পরিচিত। এর আগে মুম্বইয়ে পপ গায়ক এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে প্রথমবার এই দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তখন থেকেই সম্পর্কের গুঞ্জন শুরু হলেও দু'জনেই এতদিন 'স্পিকটি নট' ছিলেন।















