বলিউডের হার্টথ্রব মালাইকা আরোরাকে নিয়ে নেটপাড়ায় ফের চর্চা তুঙ্গে। মালাইকা, অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনেছেন বেশ কিছুদিন আগেই। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি নতুন করে জল্পনা উসকে দিয়েছে। খবর অনুযায়ী, ইতালির রোমে নিজের বর্তমান প্রেমিক হর্ষ মেহতার সঙ্গে রোমান্টিক ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী।
বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় ফিসফাস চলছিল যে, মালাইকার জীবনে নতুন কারওর প্রবেশ ঘটেছে। রোমের ট্র্যাভি ফাউন্টেনের সামনে মালাইকা ও হর্ষের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সেই গুঞ্জনে যেন সিলমোহর পড়ল। ছবিতে মালাইকাকে দেখা গিয়েছে একদম সাদামাটা অথচ স্টাইলিশ লুকে। একটি ওভারসাইজড কালো ট্রেঞ্চ কোট এবং মেকআপহীন লুকেও তিনি ছিলেন অনন্য। অন্যদিকে, হর্ষের পরনে ছিল ধূসর জ্যাকেট। দু'জনকে বেশ অন্তরঙ্গ অবস্থায় নিজস্বী তুলতে দেখা গিয়েছে, যা দেখে নেটিজেনদের ধারণা, মালাইকা আবার প্রেমে পড়েছেন।
মালাইকার এই নতুন সঙ্গীকে নিয়ে কৌতূহলের শেষ নেই। জানা গিয়েছে, ৩৩ বছর বয়সী হর্ষ মেহতা পেশায় একজন সফল ব্যবসায়ী। মূলত তিনি হিরে ব্যবসায়ী হিসেবে পরিচিত। এর আগে মুম্বইয়ে পপ গায়ক এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে প্রথমবার এই দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তখন থেকেই সম্পর্কের গুঞ্জন শুরু হলেও এতদিন দু'জনেই 'স্পিকটি নট' ছিলেন।
মালাইকা ও অর্জুনের দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেকেই বেশ হতাশ হয়েছিলেন। বিশেষ করে অর্জুনের মা মোনা শৌরি কাপুরের মৃত্যুবার্ষিকীতে মালাইকার সমবেদনা জানানো দেখে মনে হয়েছিল হয়তো সম্পর্কের তিক্ততা অনেকটা কমেছে। কিন্তু রোমের এই ভ্রমণ বার্তা দিচ্ছে অন্য কিছুর। ৫২ বছর বয়সী মালাইকা ও ৩৩ বছর বয়সী হর্ষের বয়সের ব্যবধান নিয়েও নেটদুনিয়ায় চর্চা কম হচ্ছে না। তবে মালাইকা বরাবরই এসব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন।
আপাতত এই চর্চিত জুটি তাঁদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে কোনো মন্তব্য করেননি। এমনকী সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করেননি মালাইকা। তবে রোমের এই ‘ভ্যাকেশন’ যে স্রেফ বন্ধুত্ব নয়, তা নিয়ে একপ্রকার নিশ্চিত তাঁর অনুরাগীরা। এখন দেখার বিষয়, কবে এই ‘মিস্ট্রি ম্যান’কে নিয়ে ক্যামেরার সামনে খোলামেলা কথা বলেন বলিউডের 'মুন্নি'।
