বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে যে, মালাইকা অরোরা তাঁর চেয়ে ১৯ বছরের ছোট হর্ষ মেহতার প্রেমে পড়েছেন। সম্পর্কের কথা অবশ্য তাঁরা কেউই খোলসা করেননি, কিন্তু প্রায়ই দু'জনকে একসঙ্গে দেখা যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন থামার নামই নিচ্ছে না।

এরই মধ্যে নতুন করে ঘি ঢেলেছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, ছেলে আরহান খান আর চর্চিত প্রেমিক হর্ষকে নিয়ে একই গাড়িতে ঘুরছেন মালাইকা। গাড়ির পিছনের সিটে ছেলে আর পোষ্য কুকুরকে নিয়ে বসেছিলেন অভিনেত্রী, আর হর্ষ ছিলেন সামনের সিটে। 

বিদেশ সফর থেকে শুরু করে মুম্বইয়ের ইতিউতি, আজকাল হর্ষ আর মালাইকাকে বড্ড বেশি একসঙ্গে দেখা যাচ্ছে। আর তাতেই নেটিজেনদের কৌতুহল একেবারে তুঙ্গে। নতুন এই ভিডিওটি সামনে আসতেই নেটিজেনদের মধ্যে নতুন করে ফিসফাস শুরু হয়েছে তাঁদের সম্পর্ক নিয়ে। এবার ছেলে আরহানকে মালাইকার চর্চিত প্রেমিকের সঙ্গে দেখে হর্ষের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন যেন আরও বেড়েছে।

প্রসঙ্গত, ৩৩ বছর বয়সী হর্ষ মেহতা পেশায় একজন সফল ব্যবসায়ী। মূলত তিনি হিরে ব্যবসায়ী হিসেবে পরিচিত। এর আগে মুম্বইয়ে পপ গায়ক এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে প্রথমবার এই দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তখন থেকেই সম্পর্কের গুঞ্জন শুরু হলেও এতদিন দু'জনেই 'স্পিকটি নট' ছিলেন। কিছুদিন আগেই রোমে ছুটি কাটাতেও দেখা যায় তাঁদের। আর এবার মুম্বইয়ের রাস্তায় তাঁদের দেখে আরও যেন কৌতূহল বেড়েছে অনুরাগীদের।