বাংলা চলচ্চিত্রে বিশ্বব্যাপী কিংবদন্তি হয়ে আছেন পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক মৃণাল সেন। মৃণাল সেন এমন একজন পরিচালক যাঁর হাত ধরে ভারতীয় চলচ্চিত্র জগতে এক নতুন ধারার প্রবর্তন হয়েছিল। ১৪ মে তাঁর জন্মদিন। মৃণাল সেনের ছবিতে নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির সংগ্রাম ফুটে উঠত। মানুষের জীবনের নানা সংকটগুলো পর্দায় তুলে ধরতেন তিনি। তাঁর বহু ছবিতে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে।
মৃণাল সেনের জন্মদিনে তাই স্মৃতির পাতা হাতড়ালেন বর্ষীয়ান অভিনেত্রী। আজকাল ডট ইন-কে বললেন, "এমন সুন্দর মনের মানুষ আমি আর দেখিনি। এখন তো সবাই নিজের কথা ভাবেন। ক'জন পারেন দেশের কথা, দশের কথা ভাবতে? উনি পারতেন। সবাইকে নিয়ে চলতেন তাই আর ওনার মতো কেউ তৈরি হল না।"
মাধবী মুখোপাধ্যায়ের কথায়, "ওনাকে নিয়ে বলতে গেলে মনে হয় শুধু একজন পরিচালক নয়, ভাল মনের মানুষ ছিলেন। আসলে শূন্য থেকে শুরু করেছিলেন তো, তাই মাটির কাছাকাছি ছিলেন বরাবরই। ওঁর ছবিতে দেখবেন নারীর একটা আলাদা জায়গা ছিল, মর্যাদা ছিল। যেটা নিয়ে অনেকেই ভাবতেন না, ভাবেন না আজও। কিন্তু ওনার ভাবনা সেই সময়ও প্রগতিশীল ছিল। আজও ওনার ছবি তাই প্রাসঙ্গিক।"
তিনি আরও বলেন, "আমার মনে পড়ে শুটিং ফ্লোরে ঢুকেই উনি খোঁজ করতেন আজ রান্না ঠিকঠাক হয়েছে কিনা, সবাই পেট ভরে খেয়েছেন কিনা। উনি সব সময় একটা কথা বলতেন, এখানে সবাই কাজে নয়, খেতেও আসে। খাবারটা আগে প্রয়োজন। তাই কাজ হোক না হোক খাওয়াটা যেন আগে হয়। এই কথা ক'জন বলতে পারেন?"
প্রসঙ্গত, ১৯৫৫ সালে ‘রাত ভোর’ ছবির মাধ্যমে পরিচালনা শুরু করেন মৃণাল সেন। তারপরের ছবি ছিল ‘নীল আকাশের নীচে’। ‘বাইশে শ্রাবণ’ এবং ‘ভুবন সোম’ ছবির মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি। ২৮টি পূর্ণদৈর্ঘ্য ও ৪টি তথ্যচিত্র তৈরি করেছেন মৃণাল সেন।















