লোপামুদ্রা মিত্রর গান ৯০ দশকের ছেলেমেয়েদের বড় হয়ে ওঠার সঙ্গী। তাঁকে বিভিন্ন সময় বিভিন্ন রিয়্যালিটি শোতে দেখা গিয়েছে বিচারক বা অতিথি বিচারক হিসেবে। এবার তিনি আরও একবার ছোটপর্দায় আসতে চলেছেন। তবে কোনও গানের রিয়্যালিটি শোয়ের বিচারক বা গায়িকা হিসেবে নয়। তাহলে?
সান বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। সুদীপ্তা চক্রবর্তী সঞ্চালিত এই শোতেই এবার চমক হিসেবে আসতে চলেছেন গায়িকা লোপামুদ্রা মিত্র। তাঁকে এপ্রিল মাসের ফিনালে এপিসোডে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে।
এপ্রিল মাসের শেষটায় লোপামুদ্রা মিত্রর উপস্থিতি এবং গান দিয়েই শেষ করবে 'লাখ টাকার
লক্ষ্মীলাভ' শো। এই এপিসোডে দর্শকদের জন্য বিভিন্ন গান গাইবেন তিনি। 'আয় আয় কে যাবি', 'ধাতিনা নাতিনা', 'বাংলা আমার সর্ষে ইলিশ', 'মুশকিল আসান', ইত্যাদির মতো জনপ্রিয় গান গেয়ে এই পর্ব জমিয়ে তুলবেন লোপামুদ্রা মিত্র। বলা যায়, এপ্রিল মাসের শেষটা এই রিয়্যালিটি শো গানের সুরে সুরে শেষ হবে।
লোপামুদ্রা মিত্র এদিন অংশগ্রহণকারীদের সঙ্গেও আড্ডা জমাবেন। শুনবেন তাঁদের ব্যক্তিগত জীবন, লড়াইয়ের কথা। বলাই বাহুল্য, 'লাখ টাকার লক্ষ্মীলাভ' শোতে বরাবর নারীদের জীবনের অনুপ্রেরণামূলক কথা উঠে আসে। তাঁদের লড়াইয়ের কথা তুলে ধরা হয় সকলের সামনে।

এই বিষয়ে এও জানিয়ে রাখা ভাল, শোয়ের লক্ষ্মী ব্যাঙ্কের তরফে আর্থিক সাহায্য করা হয় সেইসব প্রতিযোগীদের যাঁরা অর্থাভাবে ভুগছেন। তাঁদের দিকে সাহায্য়ের হাত বাড়াতে এই ব্যবস্থা। এই শোয়ের সঞ্চালনা করেন জাতীয় পুরস্কার জয়ী সুদীপ্তা চক্রবর্তী। এখানে যেমন ভরপুর বিনোদন থাকে, তেমনই
ট্যালেন্ট, বাস্তব জীবনের গল্প, ইত্যাদিও তুলে ধরা হয়।
'লাখ টাকার লক্ষ্মীলাভ' শোয়ের এপ্রিল মাসের ফিনালে এপিসোডে আগামী ৩০ এপ্রিল সম্প্রচারিত হবে সান বাংলায়। দেখা যাবে সন্ধ্যা ৭ টায়। হাজির থাকবেন লোপামুদ্রা মিত্র।
















