রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিতর্ক শুরু হয় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স-কে ঘিরে। টলিপাড়ার একাংশের নিশানায় উঠে আসেন লীনা গঙ্গোপাধ্যায়। সেইসময়ই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন লীনা। শেষপর্যন্ত রাজ্যে সরকার বদল হতেই মহিলা পদ ছাড়লেন তিনি। 

চিত্রনাট্যকার ও লেখক লীনা গঙ্গাপাধ্যায় ২০২১ সালে দ্বিতীয়বার মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে নিযুক্ত হন। দীর্ঘদিন তিনি এই পদের দায়িত্ব সামলান। সূত্রের খবর, মঙ্গলবার রাতে পদত্যাগপত্র কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন লীনা।

গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে সিরিয়ালের শুটিংয়ে গিয়ে সমুদ্রের জলে ডুবে প্রাণ হারান রাহুল বন্দ্যোপাধ্যায়। সেসময় প্রযোজন সংস্থার বয়ানে একাধিক অসঙ্গতি থেকে লীনা গঙ্গোপাধ্যায়ের বক্তব্যে ধোঁয়াশা, সবমিলিয়ে রাহুলের মৃত্যুকে ঘিরে উঠতে থাকে একাধিক প্রশ্ন। লীনা-সহ প্রযোজনা সংস্থার কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। 

তুমুল বিতর্কের মাঝে বিবৃতি দিয়েছিল প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স। সেখানে স্পষ্ট উল্লেখ ছিল, তদন্তের প্রয়োজনে নিজের পদ থেকেও সরে দাঁড়াতে প্রস্তুত লীনা গঙ্গোপাধ্যায় । কমিশনের চেয়ারপার্সন পদে থেকে তদন্তে পক্ষপাতের আশঙ্কা তৈরি হতে পারে, সেই প্রেক্ষিতে প্রয়োজনে লীনা চেয়ারপার্সনের পদ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত বলে জানানো হয় বিবৃতিতে। যদিও তখন ইস্তফা দেননি তিনি। এবার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়লেন লীনা গঙ্গোপাধ্যায়।