বলিউড পরিচালক রোহিত শেট্টির মুম্বইয়ের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় নতুন মোড়। রবিবারের এই ভয়াবহ ঘটনার দায় স্বীকার করে নিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। শুধু তাই নয়, এর পর সরাসরি রোহিত শেট্টিকে প্রাণনাশের হুমকিও দিয়েছে তারা। বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানানো হয়েছে যে, এর পরের গুলি আর ঘরের বাইরে নয়, সরাসরি রোহিত শেট্টির বুকে চালানো হবে!

 

শনিবার মাঝরাতে মুম্বইয়ের জুহু এলাকায় রোহিত শেট্টির আবাসন ‘শেট্টি টাওয়ার’-এর সামনে দুই বাইক আরোহী এলোপাথাড়ি গুলি চালায়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি, তবে পুরো বলিউড জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম সদস্য শুভম লোনকর এবং আরজু বিষ্ণোইয়ের একটি পোস্ট ভাইরাল হয়। হিন্দিতে লেখা সেই পোস্টে লেখা রয়েছে, 'আমরা বহুবার রোহিত শেট্টিকে আমাদের কাজে হস্তক্ষেপ করতে বারণ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। এটি ছিল কেবল ট্রেলার।'

 

পোস্টে আরও লেখা, 'এটা তো কেবল শুরু, একটা ছোট ট্রেলার মাত্র। সে যদি কথা না শোনে, তবে পরের গুলিগুলো আর বাড়ির বাইরে নয়—সরাসরি তার বেডরুমে দিয়ে ঢুকে বুকে বিঁধবে। পুরো বলিউড ইন্ডাস্ট্রির জন্য এটা একটা সতর্কবার্তা: নিজেদের শুধরে নাও, নয়তো তোমাদের অবস্থাও বাবা সিদ্দিকির চেয়েও ভয়াবহ হবে। যাদের আমরা ফোন করেছি, তারা চুপচাপ কথা মেনে চলো, নাহলে পালানোর জায়গা পাবে না। আর আমাদের শত্রুরা তৈরি থেকো; শুধু সময়ের অপেক্ষা।'


ঘটনার পরিপ্রেক্ষিতে মুম্বই পুলিশের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন, বর্তমানে রোহিত শেট্টির বাসভবনের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ির চারপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। এমনকী এই ঘটনার সঙ্গে যুক্ত পাঁচজনকে পুনেতে আটক করেছে পুলিশ। তাদের মুম্বই ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হয়েছে।


উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই মুম্বইয়ের বিনোদন জগতের নামী ব্যক্তিত্বদের ওপর হামলার হুমকি বা আক্রমণের প্রবণতা বেড়েছে। এর আগে সলমন খানের বাড়ির বাইরেও একই ধরনের গুলির ঘটনা ঘটেছিল। তারপর কপিল শর্মার ক্যাফেতেও গুলি চলেছিল। এবার রোহিত শেট্টির মতো পরিচালকের বাড়ির সামনে এমন অপরাধ হওয়ায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।