মাথায় লেগেছে ভাইকে হত্যার অপবাদ। আদালতে গিয়ে সৎ মা দাবি করেছে অর্জুন নাকি জেনে বুঝে রৌনককে গুলি করেছে। যদিও সেখানে অর্জুনের পাশে দাঁড়িয়েছে গঙ্গা। জানিয়েছে এই কাজ সে করেনি। কিন্ত এই ঘটনার পর আর পুলিশের উর্দি অর্জুন পরবে না বলে স্থির করে সে। কিন্তু শেষ পর্যন্ত কোন কারণে বাধ্য হবে?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'গঙ্গা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অর্জুন একাকী গঙ্গার পারে দাঁড়িয়ে। সেখানে এসে নায়িকা তাকে প্রশ্ন করে সে পুলিশের চাকরিতে আর ফিরবে না? পুলিশের চাকরিতে তার মতো অফিসারের দরকার। জবাবে নায়ক জানায় না, সে আর কখনই ডিউটিতে ফিরবে না। গঙ্গা তাতে বলে সে বিপদে পড়লেও অর্জুন পুলিশের উর্দি আর পড়বে না? তাতে কোনও উত্তর দেয় না নায়ক। কিন্তু গঙ্গার বলা কথা বাস্তবে ফলে যায়।
গঙ্গাকে দুষ্কৃতি তুলে নিয়ে গিয়ে বন্দি বানায়। জানায় অর্জুন আর নেই, ফলে এবার আর তাকে বাঁচানোর কেউ নেই। কিন্তু গঙ্গাকে অপহরণের খবর পায় অর্জুন। আর এরপর সে কিছুতেই চুপ করে বসে থাকতে পারে না। ফের পুলিশের খাকি উর্দি পরে। জানায় সে ফিরছে। এবার কী করে গঙ্গাকে সে বাঁচায় সেটাই দেখার।
https://www.instagram.com/reels/DWBb2J_FeWE/
প্রসঙ্গত, সবে সপ্তাহখানেক হল শুরু হয়েছে 'গঙ্গা' ধারাবাহিকের পথ চলা। এর মধ্যেই গল্পে একের পর এক টুইস্ট আসছে। এই টানটান মোড় ঘোরানো পর্ব আগামী ২০ থেকে ২২ মার্চ সম্প্রচারিত হবে। 'গীতা এলএলবি' ধারাবাহিকের পর স্টার জলসার হাত ধরেই ফের ধারাবাহিকে ফিরলেন হিয়া মুখোপাধ্যায়। এখানে তাঁর বিপরীতে রয়েছেন সাহেব ভট্টাচার্য। সাহেবকেও শেষবার একই চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক 'কথা'য় দেখা গিয়েছিল। 'গঙ্গা' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ রাত ৯টা নাগাদ দেখা যায়। আগে রাত ৯ টা নাগাদ 'চিরসখা' ধারাবাহিক দেখা যেত। এখন এই মেগা রাত ১০ টা নাগাদ সম্প্রচারিত হয়।
'গঙ্গা' ধারাবাহিকে সম্প্রতি দেখানো হয়েছে, একটি জায়গায় পুলিশের রেইড পড়েছে। আর সেখানেই কেউ অর্জুনের সৎ ভাইকে লক্ষ্য করে গুলি চালায়। আর সেই গুলি এসে সোজা তার বুকে লাগে। বিষয়টা এমন ভাবে ঘটে যেন পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে সে। তবে কি জেনে বুঝেই অর্জুন ভাইকে লক্ষ্য করে গুলি চালাল? এই সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে রৌনকের মা এবং অর্জুনের সৎ মা সাক্ষ্য দেয় যে নায়ক জেনে বুঝে ঠান্ডা মাথায় এই খুন করেছে। সেই সাক্ষ্যর ভিত্তিতে আদালত রায় দিতে যাবে যখন তখনই সেখানে এসে হাজির হয় গঙ্গা। জানায় অর্জুন এই গুলি করেনি, সে নিজে সাক্ষী।
