ফের বাবা হলেন অ্যাটলি
দীপিকার মাতৃত্বের সুখবরের রেশ কাটতে না কাটতেই যখনি ছবিপাড়া থেকে বলিউডের চৌকাঠ—সর্বত্র ফের খুশির হাওয়া। ‘রাকা’ ছবির প্রধান অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সুখবরের ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই নিজের জীবনে এক নতুন অধ্যায় শুরু করলেন পরিচালক অ্যাটলি। তিনি এবং তাঁর স্ত্রী প্রিয়া অ্যাটলি জানালেন, তাঁদের কোলে এসেছে এক কন্যা সন্তান। পরিচালক অ্যাটলি এবং প্রযোজক-অভিনেত্রী প্রিয়া অ্যাটলি সোমবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁদের এই আনন্দের খবর।
২০২৩ সালের জানুয়ারি মাসে অ্যাটলি এবং প্রিয়ার জীবনে এসেছিল প্রথম সন্তান—পুত্র মীর। এবার সেই পরিবারের সদস্য সংখ্যা বাড়ল। পোস্টের ক্যাপশনে অ্যাটলি খুব সহজভাবে লিখেছেন, “আশীর্বাদধন্য।” মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়তেই ইন্ডাস্ট্রির সহকর্মী এবং অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। দীপিকার প্রেগনেন্সি ঘোষণার একদিন পরেই অ্যাটলির এই খবরে নেটিজেনরা বলছেন, “ডবল উদযাপন!”
হাতে ছবি নেই অর্চনার!
১৯৮৭ সালে ‘জলওয়া’ ছবিতে নাসিরুদ্দিন শাহের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক হয়েছিল অর্চনা পুরান সিংয়ের। তারপর ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘বোল বচ্চন’-এর মতো ছবিতে তাঁর কমেডি টাইমিং দর্শকদের মন জয় করে নিয়েছিল। কিন্তু ২০১৯ সালে নবজ্যোত সিং সিধুর জায়গায় ‘দ্য কপিল শর্মার শো’-তে বিচারক হিসেবে যোগ দেওয়ার পর তাঁর জনপ্রিয়তায় নতুন জোয়ার এলেও, আড়ালে ঘটে গেছে বড়সড় ক্ষতি।
এক সাক্ষাৎকারে অর্চনা অকপটে স্বীকার করলেন, ছোটপর্দার এই শো-এর জন্য তাঁকে বড়পর্দার বহু সুযোগ হাতছাড়া করতে হয়েছে। তিনি জানান, শো-এর শুটিং সিডিউল এতই টাইট ছিল যে বাইরের প্রজেক্টে সময় দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। অর্চনা বলেন, “আমি এত বছর ধরে কোনও সিনেমা করতে পারিনি। একবার একটি ফোন এসেছিল, স্কটল্যান্ডে ২৫ দিনের শ্যুটিং ছিল। কিন্তু কপিল শর্মার শো-এর ব্যস্ততার মাঝে সেটির জন্য ডেট দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আগে যখন শো চলত, বছরে ১০০টা পর্ব শুট করতে হতো। সে কারণেই অন্য কিছু করার সময় আমি পেতাম না।” বারবার সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ফল ভোগ করতে হয়েছে অর্চনাকে। অভিনেত্রী জানান, সময়ের অভাবে তিনি যখন দিনের পর দিন সিনেমার প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করতে থাকলেন, তখন নির্মাতারা তাঁকে আর ডাকাই বন্ধ করে দিলেন। তাঁর কথায়, “আমি এতবার ‘না’ বলেছি যে শেষ পর্যন্ত লোকজন আমাকে আর অভিনয়ের প্রস্তাব দেওয়াই ছেড়ে দিল।”
ফের পিছোল ‘হেরা ফেরি ৩’!
অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল—এই তিনজনকে একসঙ্গে দেখার জন্য সিনেমাপ্রেমীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন। কিন্তু ‘হেরাফেরি ৩’ যেন এক মরীচিকা হয়েই রয়ে গেল। শুটিং কবে শুরু হবে, কাস্ট কে হবে—এইসব জল্পনার মাঝেই বড়সড় এক ‘ঝটকা’ দিলেন খোদ অক্ষয় কুমার। জানালেন, ছবিটির কাজ আপাতত প্রায় এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। শুটিং বন্ধ হওয়ার খবরটি যে অক্ষয় কুমারকেও বেশ অবাক করেছে, তা তাঁর কথাবার্তাতেই পরিষ্কার। বিষয়টিকে তিনি সরাসরি ‘ঝটকা’ বলে বর্ণনা করেছেন। তবে নিজের স্টাইলেই পরিস্থিতি সামাল দিয়েছেন অভিনেতা। মজার ছলে অক্ষয় বলেন, “এই পরিস্থিতির মোকাবিলা করতে হলে বোধহয় এখন আমাকে মন্ত্র জপ করতে হবে!” তাঁর এই রসিকতার আড়ালে লুকিয়ে থাকা হতাশাটা স্পষ্টই ধরা পড়েছে।অক্ষয় নির্দিষ্ট কোনও কারণ না জানালেও, এটি স্পষ্ট যে সিনেমার কাজ থমকে যাওয়ার পেছনে বড় কোনো অভ্যন্তরীণ সমস্যা কাজ করছে।
এখন প্রশ্ন একটাই, সত্যিই কি ‘হেরাফেরি ৩’ তৈরি হবে, না কি চিরকালের জন্য বাক্সবন্দি হয়ে থেকে যাবে এই বহু প্রতীক্ষিত প্রজেক্ট? আপাতত অক্ষয় কুমারের সেই ‘মন্ত্র জপ’-ই কি শেষ ভরসা? উত্তরের অপেক্ষায় দর্শকরা।
















