সদ্যই সাত পাকে বাঁধা পড়েছেন টলিউডের ছোটপর্দার দুই অতি পরিচিত মুখ। কিন্তু তাঁদের লাভ স্টোরির হ্যাপি এন্ডিং হতে না হতেই ভাঙনের মুখে তাঁদের সংসার! কোন তৃতীয় ব্যক্তির জন্য এমন কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন নায়িকা? ভাবছেন কী ঘটেছে? আসলে সবটাই ছোটপর্দায় ঘটেছে। কথা হচ্ছে 'কুসুম' ধারাবাহিকের।
গল্পে সদ্যই দেখানো হয়েছে আয়ুষ্মান এবং কুসুম ইন্দ্রাণীর অমতে বিয়ে করেছে, তাও ইন্দ্রাণীর আয়োজিত গণবিবাহের উদ্যোগে। এই কথা এখনও কুসুমের শাশুড়ির কানে যায়নি। এমন অবস্থায়, শ্বশুর বাড়ি ওঠার আগেই নতুন বিপদের ঝড় উঠল নায়িকার জীবনে।
সূত্রের খবর, 'কুসুম' ধারাবাহিকে এবার দেখা যাবে, তৃষা অর্থাৎ যার সঙ্গে আয়ুষ্মানের বিয়ে ঠিক করেছিল ইন্দ্রাণী তার ভাই এসেছে। শুধু আসেনি সে রীতিমত আয়ুষ্মানকে হুমকি দেয়। বলে, যেহেতু নায়ক তার বোনকে বিয়ে করেনি, সেহেতু আয়ুষ এবং কুসুমের বিয়ের এই বিষয়টা সেও ইন্দ্রাণীকে জানিয়ে দেবে। তার এই কথা শুনেই ক্ষেপে ওঠে আয়ুষ। মারমুখী হয়ে জানতে চায়, সে তাঁদের বাড়িতে কী করছে? তবে কি ইন্দ্রাণী এবার সবটা জেনে যাবে এবং তুলকালাম বাঁধবে তাদের বাড়িতে?
গোটা সমস্যা এড়াতে কুসুম জানায় সে আয়ুষ্মানকে ছেড়ে দেবে। এই বিয়ে ভেঙে দেবে। এখন দেখার পালা এটাই কুসুম আর আয়ুষের বিয়ে ভেঙে যায় নাকি সবটা ইন্দ্রাণীর কানে পৌঁছায়। কী ঘটে শেষ পর্যন্ত সেটাই দেখার।
এই বিষয়ে এটা জানিয়ে রাখা ভাল, সম্প্রতি 'কুসুম' দারাবাহিকের একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছিল যেখানে দেখা গিয়েছে, আয়ুষ্মান এবং কুসুম বিয়ের পর বিয়ের বেশে তাদের বাড়ি এলে নায়কের বাবা তাদের বরণ করে ঘরে তুলবে। এরপরই বড় ছেলের বিয়ের খবর পৌঁছয় ইন্দ্রাণীর কানে। সে ছুটে আসে সেখানে। তারপর কী ঘটায় কুসুমকে ছেলের বউ হিসেবে দেখে, সেটাই এখন দেখার পালা।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, তৃষার দাদা, স্যামের চরিত্রে এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন দেবোত্তম মজুমদার। ছোটপর্দার অতি পরিচিত মুখ তিনি। এবার তাঁকে এই ধারাবাহিকে নতুন অবতারে দেখা যেতে চলেছে।
১ জুন থেকে 'কুসুম' সম্প্রচারিত হচ্ছে সন্ধ্যা ৬ টা থেকে। 'চিরদিনই তুমি যে আমার' শেষ হয়েছে। তার জায়গায় এসেছে 'কুসুম'। আর সন্ধ্যা ৭ টার স্লটে এসেছে নতুন ধারাবাহিক 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। প্রসঙ্গত, 'কুসুম' ধারাবাহিকটির একাধিকবার স্লট বদল হয়েছে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন তনিষ্কা তিওয়ারি এবং সপ্তর্ষি রায়।















