আয়ুষ্মানের সঙ্গে কুসুমের সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারে না কুসুমের বাবা। প্রথম থেকেই দু'জনের প্রেমের আঁচ পেয়ে বাধ সেধেছিল সে। কিন্তু কুসুম বাবার কথা শোনেনি। আয়ুষ্মানকেই মন দিয়ে বসেছে সে। আর এবার তাদের ভালবাসা আরও মজবুত হচ্ছে। এর মধ্যেই জি বাংলার এই ধারাবাহিকে আসছে বিরাট মোড়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানেই দেখা যাচ্ছে নিজের হাতে মেয়েকে বিষ খাওয়াচ্ছে কুসুমের বাবা!
দেখা যাচ্ছে, কুসুম ও আয়ুষ্মানকে একসঙ্গে দেখে ফেলে সে। এত বারণ করার পরেও কুসুম যে আয়ুষ্মানকে ভোলেনি সেটা বুঝতে পারে সে। ঠিক করে দেবীমাকে কষ্ট দেবে না। তাই কোনও উপায় না দেখে মেয়েকেই মেরে ফেলার কথা ভাবে সে। এদিকে, কুসুম এসে বাবাকে বলে তার খুব খিদে পেয়েছে, যেন কিছু একটা খেতে দেয়।
মেয়ের এই কথাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে তার পায়েসে বিষ মিশিয়ে দেয়। মনে মনে বলে, কোনও বাবাকে যেন এই কাজ না করতে হয়। কিন্তু সে অপারগ দেবীমাকে দেওয়া কথা সে রাখবেই। কুসুমও বুঝতে পারে তার বাবা নিশ্চয়ই খাবারের মধ্যে কিছু মিশিয়েছে। তাই সে পায়েস খেতে খেতে মনে মনে বলে, বাবা নিজের হাতে যা দেবে, কুসুম তাই বিশ্বাস করে খেয়ে নেবে। এদিকে, পায়েস খাওয়ার পর মাটিতে লুটিয়ে পড়ে কুসুম। বোঝা যায় তার শরীরে বিষক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবার কী হবে? সত্যিই কি কুসুম মারা যাবে? শুধুমাত্র ইন্দ্রাণীর জন্য নিজের মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলবে কুসুমের বাবা? প্রোমো দেখে এমনই প্রশ্ন ঘুরছে দর্শকের মনে।
প্রসঙ্গত, কুসুম অনেক আগে থেকেই আয়ুষ্মানকে মন দিয়েছিল। কিন্তু আয়ুষ্মানের কুসুমকে চিনতে একটু দেরি হয়ে গিয়েছিল। কুসুমকে ভালবাসার কথা সে মুখ ফুটে আগে বলতে পারেনি। এদিকে, কুসুমকে ক'দিন ধরে সে বোঝানোর চেষ্টা করছিল যে সে-ই তাকে ভালবাসে। অনেক ভুল বোঝাবুঝি পেরিয়ে অবশেষে একে অপরকে মনের কথা বলল তারা। এবার দু'জনের ভালবাসা বিয়ের পিঁড়িতে পৌঁছনোর আগেই ভয়ঙ্কর বিপদের মুখে তারা। কুসুমকে কি বাঁচাতে পারবে আয়ুষ্মান? নাকি এখানেই শেষ হবে দু'জনের ভালবাসা?















