টানটান উত্তেজনাপূর্ণ পর্ব আসছে জি বাংলার ধারাবাহিক 'কুসুম'-এ। কিছুদিন আগেই দেখা গিয়েছিল যে, কুসুম মেঘার পর্দা ফাঁস করেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, কুসুমের জীবনে বিরাট মোড় আসতে চলেছে। ইন্দ্রাণী কুসুমকে ডেকে জানায়, তাদের প্রসাধনী ব্যবসার লোগোতে যে দুটো চোখ আছে, সেই চোখ যার সেই মেয়েকে আয়ুষ্মান পছন্দ করে। তাই সেই মেয়েটি আসছে তাদের বাড়িতে দেখা করতে। কুসুমের এই কথা শুনে মন খারাপ হয়ে যায়। এদিকে, সে জানে যে ওই চোখদুটো তারই। যদিও আয়ুষ্মান ও ইন্দ্রাণী তাকে চিনতে পারে না।
আয়ুষ্মানের ভাই ঈশান কুসুমের মন বোঝে। সে জানায়, দাদার জন্য উপযুক্ত পাত্রী সে খুঁজে পেয়েছে। কুসুমের সামনে ফোনের ক্যামেরা খুলে সে তাকে দেখায়, বুঝিয়ে দেয় আয়ুষ্মানের জন্য সে কুসুমকে পছন্দ করেছে। ঈশান ও কুসুমের এই কথোপকথন শুনে ফেলে কুসুমের বাবা। এবার কী হবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
কিছুদিন আগেই দেখা গিয়েছিল আয়ুষের সঙ্গে মেঘার বিয়ে হচ্ছিল। বিয়ের বাসরে মেঘাকে কুসুম চমকে দেয়। দেবলীনার মাকে সে নিয়ে আসে বিয়ের মণ্ডপে। দেবলীনার মা মেঘার মাসি, তাই চমকে ওঠে মেঘা। মেঘার কীর্তি ফাঁস হচ্ছে দেখে তড়িঘড়ি কুসুমকে শায়েস্তা করতে যায় সে।
বন্দুক তাক করে মেঘা কুসুমের দিকে। কুসুমের ক্ষতির আশঙ্কা করে ইন্দ্রাণী মেঘার হাত থেকে বন্দুক কেড়ে নেয়, আর তার দিকে তাক করে। মেঘা তাতে বেশ চমকে যায়। কিন্তু মেঘাকে অন্য একজন গুলি করে দেয়। আর মেঘাকে গুলি করার অপরাধ এসে পড়ে ইন্দ্রাণীর কাঁধে। কিন্তু ইন্দ্রাণী গুলি করেনি মেঘাকে। পরে দেখা যায়, দেবলীনাই ছদ্মবেশে, আড়াল থেকে নিজের দিদি মেঘাকে গুলি করে। কুসুম ও ইন্দ্রাণীকে ফাঁসানোর জন্য এই কাণ্ড করেছে দেবলীনা। কুসুম আতঙ্কিত হয়ে পড়ে এই ঘটনায়। কিন্তু সে মনে মনে শপথ নেয়, দেবী মা অর্থাৎ ইন্দ্রাণীকে সে এই মিথ্যে অপবাদ থেকে ঠিক উদ্ধার করবে। সেই শপথ রাখে সে। কুসুম বিপদ থেকে উদ্ধার করে দেবী মাকে। এদিকে, নিজেই বিপাকে পড়েছে সে। কুসুমের ভাগ্যে কী লেখা আছে? জানতে অপেক্ষায় দর্শক।
















