'বহুরূপী' হোক বা 'কিলবিল সোসাইটি', 'রক্তবীজ ২'; উক্ত ছবিগুলোতে এক অন্য কৌশানী মুখোপাধ্যায়কে দেখেছেন দর্শকরা। মুগ্ধ হয়েছেন তাঁর তুখোড় অভিনয়ে। এ হেন অভিনেত্রী সম্প্রতি তাঁর নতুন ছবির শুটিং শুরু করেছিলেন। আতিউল ইসলাম পরিচালিত এই ছবির নাম 'কাল'। কিন্তু এই ছবির শুটিং শুরু হতে না হতেই গোল বাঁধল। কী ঘটেছে, খোঁজ নিল আজকাল ডট ইন। 

জানা গিয়েছে আতিউল ইসলামের আগামী ছবিতে একজন দুঁদে তদন্তকারী পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। তবে দু'দিন শুটিংয়ের পরই বন্ধ হয়ে গিয়েছে ছবির কাজ। কিন্তু কী নিয়ে সমস্যা তৈরি হয়েছে জানতে চাইলে পরিচালক আজকাল ডট ইন -কে জানান, "একটা শব্দ ছিল। কৌশানী বলেছে আমি ওটা বলব না। আমি গালাগালি বলব না। গত ১১ এবং ১৪ তারিখ শুটিং হয়েছে। এবার বিষয়টা হচ্ছে, আমার বক্তব্য একটাই, আমি তো এখানে কাজ করতে এসেছি, ঝামেলা করতে নয়। কৌশানীকেও লাগবে আমার, প্রযোজককেও লাগবে। দুই জায়গাতেই আমি আছি, এমনকী ইম্পার তরফে পিয়া দিও আছেন। তিনি নিজে ব্যাপারটাকে শান্ত করার চেষ্টা করছেন।"  

আতিউল এদিন জানান এই ছবির চিত্রনাট্য প্রযোজক লিখেছেন। তাঁর মতে, চিত্রনাট্যের প্রয়োজনে ওই শব্দটা থাকা জরুরি। যখন চিত্রনাট্য দেখে ছবিতে সম্মতি জানান, তখন তাতে এই 'গালাগালি'টি ছিল কিনা জানতে চাইলে পরিচালক বলেন, "ছিল। এখন বলছে যে পারব না বলতে।" একই সুর শোনা গেল প্রযোজকের গলাতেও। রবিউল শেখ বলেন, "আমরাই প্রযোজক, আমরাই লেখক। ফলে আমরা চেয়েছি, আমরা যেভাবে গল্পটা লিখেছি, সেভাবেই মানুষকে দেখানোর। সিনটা আমরা সেভাবে নেওয়ার চেষ্টা করেছি। এখানে সমস্যা হয়েছে কৌশানী মুখোপাধ্যায়ের। ওঁকে আগেই স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল। উনি সব কিছু মেনে ছবির জন্য রাজি হয়েছিলেন।" তাঁর আরও সংযোজন, "দু'টো শব্দ ছিল সংলাপে, সেটা ওঁর মনে হয়েছে যে গালাগালি। আমি ওঁকে বুঝিয়েছি যে ভাষাটা গ্রাম্য চলিত ভাষা, যার অর্থ ছ্যাবলা মানুষ। যাকে বারবার কিছু জিজ্ঞেস করা হলেও সে সেটা বলে না। এরকম। এই শব্দটা ওঁর মনে হয়েছে গালাগালি। তাতে উনি অনেক কথা বলেছেন। জানিয়েছেন উনি কোনও গালাগালি দেবেন না। প্রথমত এটা তো কোনও গালাগালি নয়। দ্বিতীয়ত, ওঁকে স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল, অসুবিধা থাকলে উনি আগেই বলে দিতে পারতেন। আমাদের সেটা সুবিধা হতো। ফ্লোরে, এতগুলো মানুষের সামনে এই অপ্রীতিকর ঘটনা ঘটত না। এই কারণে আমাদের একটু মতানুবাদ হয়েছিল। শুট প্যাকআপ করিয়ে দেওয়া হয়। সেই থেকে ছবিটা এখনও বন্ধ আছে।" প্রযোজক-লেখক তথা এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর জানান, এখনও পর্যন্ত এই ছবির জন্য তাঁদের ৪০-৪৫ লাখ টাকা খরচ হয়ে গিয়েছে। 

যে সংলাপ নিয়ে বিতর্ক তা প্রযোজকের অনুমতিতেই জুড়ে দেওয়া হল

এখন কী আপডেট জানতে তাঁরা দু'জনেই জানালেন বিষয়টা আলোচনার পর্যায়ে রয়েছে। তাঁরা বিষয়টা সমাধানের চেষ্টা করছেন। নভেম্বর মাসেই ছবিটির শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু দু'দিন শুটের পর, আপাতত তা বন্ধ হয়ে গিয়েছে ঝামেলার জেরে। 

এই বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর জনসংযোগ আধিকারিক জানান, তিনি কৌশানীর সঙ্গে আলোচনা করে এই বিষয়ে কথা বলবেন। তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি নায়িকার তরফে।

'কাল' ছবিটির প্রযোজনা করছেন রবিউল শেখ এবং রামিজ রাজা। রবিউল শেখ এই ছবির চিত্রনাট্য লিখেছেন। মুখ্য ভূমিকায় কৌশানী মুখোপাধ্যায় ছাড়া দেখা যাবে বনি সেনগুপ্ত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দেবাশিস মণ্ডল, প্রমুখকে। কিন্তু কবে জটিলতা কাটিয়ে পুনরায় এই ছবির শুটিং শুরু হয় সেটাই দেখার। 

প্রসঙ্গত, কৌশানী মুখোপাধ্যায় অভিনীত দু'টো ছবি এই বছর বড়পর্দায় মুক্তি পেয়েছে। সৃজিত মুখোপাধ্যায়ের 'কিলবিল সোসাইটি' এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের 'রক্তবীজ ২'। দু'টো ছবিতেই যেমন অভিনেত্রীর অভিনয় প্রশংসা পেয়েছে, তেমনই বক্স অফিসে জমিয়ে ব্যবসা করেছে।