২০২৬-এর শুরুতেই বছরভর বিনোদনের রসদের ঘোষণা সেরে ফেলেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। আসছে একগুচ্ছ সিরিজ। এবার হইচই-এর দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় 'আদালত ও একটি মেয়ে' সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। সিরিজে একজন কর্পোরেট কর্মীর ভূমিকা অভিনয় করতে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। অফিস পার্টি চলাকালীন অত্যাচারের সম্মুখীন হয় কৌশানির চরিত্রটি। এরপর নিজের সম্মান বাঁচাতে একাই লড়াই করবে সে। এরকমই একটি গল্প নিয়ে এগোবে এই সিরিজটি। 


ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই সিরিজের টিজার। অফিসে একটা মেয়ের সঙ্গে ঘটে চলা অন্যায়, আর তার পরিণতি নিয়ে এগোবে গল্প। মুখ্য চরিত্রে কৌশানীকে বেশ অন্য রকম দেখাচ্ছে এই সিরিজে। কখনও অসহায়, কখনও প্রতিবাদী। অন্যদিকে, তাঁকে হেনস্থা করছেন যিনি, তাঁর চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলছেন অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়।‌ ন্যায়-অন্যায়ের লড়াইটা এই দু'জনের মধ্যেই যে হবে, তা বোঝাই যাচ্ছে।


এদিকে, জানা যাচ্ছে কৌশানীর সঙ্গে আইনি লড়াইয়ের ময়দানে টক্কর দিতে দেখা যাবে অভিনেতা কৌশিক সেনকে। সিরিজে কৌশিক সেনের চরিত্রটি কৌশানীর বিপক্ষে থাকবে বলেই আশা করা যাচ্ছে। এছাড়াও গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, জিৎ সুন্দর চক্রবর্তী সহ আরও অনেকে। জিৎকে কৌশানীর ভাইয়ের চরিত্রে দর্শক দেখবেন। 

 

এই প্রথমবার হইচই-এর দুনিয়ায় পা দিয়েই সাহসী চরিত্রে কৌশানী। বর্তমানে অভিনেত্রীকে অন্যধারার কাজ বেছে নিতে দেখা যাচ্ছে। কয়েক বছর আগেই কমার্শিয়াল অভিনেত্রীর তকমা ভেঙে ফেলেছিলেন তিনি। তবে কৌশানীর এটা প্রথম সিরিজ নয়। এর আগে তাঁকে রাজ চক্রবর্তীর পরিচালনায় 'আবার প্রলয়'-এ দেখা গিয়েছিল। সেই থেকেই ছকভাঙা চরিত্রের প্রতি টান খুঁজে পেয়েছেন তিনি। এবারও দর্শককে নিরাশ করবেন না অভিনেত্রী, সেই আঁচ সিরিজের প্রথম ঝলকেই স্পষ্ট।