জমে উঠেছে 'কনে দেখা আলো' ধারাবাহিকের গল্প। না, টিআরপি তালিকায় সেরা ১০ -এ নেই এই ধারাবাহিক, কিন্তু হলে কী হবে দর্শকদের নজর কেড়েছে এই মেগা। এবার গল্পেও আসছে নতুন টুইস্ট। 

সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কনে দেখা আলো' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে লাজু কলেজ থেকে ফেরার সময় রাস্তায় দেখতে পায় বনলতাকে। তবে সে একা নেই। সঙ্গে রয়েছে ময়ূখ, তার প্রেমিকও। কিন্তু লাজুকে দেখতে পেয়ে যেন ভূত দেখার মত চমকে ওঠে বনলতা। লাজু তাকে ডাকেও, কিন্তু সাড়া দেয় না বনলতা। বরং সে তড়িঘড়ি একটি গাড়িতে উঠে পড়ে। 

এরপর বনলতা বাড়ি ফিরতেই সকলের সামনে লাজু তাকে সেই ছেলেটিকে নিয়ে প্রশ্ন তোলে। হ্যাঁ, তখন সেখানে অনুভবও উপস্থিত। লাজু জানতে চায় বনলতা কোথায় গিয়েছিল। মনে করিয়ে দেয় তাদের রাস্তায় দেখা হওয়ার কথা। কিন্তু সেটা বনলতা পত্রপাঠ অস্বীকার করে। জানায় মোটেই দেখা হয়নি তাদের। জবাবে লাজু ফের বলে তাকে দেখেই বনলতা একটা সাদা গাড়িতে ওঠে, সঙ্গে একটা লম্বা লোক ছিল। এই কথা শুনে বনলতা অস্বস্তিতে পড়লেও কথা ঘুরিয়ে জানতে চায় কোন লম্বা লোক? কেউ ছিল না। দাবি করে লাজুর মাথা খারাপ হয়ে গিয়েছে। তবে স্ত্রী যতই প্রসঙ্গ এড়াতে চাক অনুভব বোঝে যে বনলতা কিছু এড়াতে চাইছে। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, বর্তমানে 'কনে দেখা আলো' ধারাবাহিকে দেখানো হচ্ছে অনুভবদের বাড়িতে থেকেই লাজু কলেজে পড়াশোনা করবে। তাকে প্রথম দিন অনুভব কলেজে পৌঁছে দেবে বলায় বাড়িতে বেজায় হাঙ্গামা হয়। হাতে গোনা কয়েকজন ছাড়া যেন কেউই লাজুকে সহ্য করতে পারছে না। এমনকী বনলতাও না। 

এই প্রোমো প্রকাশ্যে আসার পর বেজায় খুশি দর্শক। এক ব্যক্তি লেখেন, 'দারুণ দারুণ। ধরা পড়েছে বনলতা। ওটাকে বের করে দিক।' আরেকজন লেখেন, 'অবশেষে। এবার খেলা জমবে!' এক নেটিজেন লেখেন, 'লাজু, অনুভবের পর ময়ূখ ও ময়ূরাক্ষীর টম এন্ড জেরি জুটিটার প্রেমে পড়ে গেছি।'

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'কনে দেখা আলো' জি বাংলার পর্দায় সোম থেকে শুক্রবার পর্যন্ত সম্প্রচারিত হয়। এটি রাত সাড়ে ৯ টা থেকে দেখা যায়। আর এই সাড়া জাগানো বিশেষ পর্ব দেখা যাবে ৬ ফেব্রুয়ারি।