লাজুর জীবনে আসছে বড় মোড়। অনুভবের আরও কাছাকাছি আসবে সে। কোন অনুরোধ করবে তাকে অনুভব? সম্প্রতি প্রকাশ্যে এসেছে জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'র নতুন প্রোমো। এই ধারাবাহিকের নিত্য নতুন মোড় বরাবরই নজর কাড়ে দর্শকের। এবার গল্পের চমক হিসেবে থাকছে অনুভব ও লাজুর রোম্যান্স!

সদ্য প্রকাশ্যে আসা নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, লাজু ও অনুভব ডেটে গিয়েছে। দু'জনে একান্তে সময় কাটাচ্ছে একটা ক্যাফেতে। যদিও তাদের এই দেখা করাকে এখনও ডেট বলা যায় না। কারণ, দু'জনেই নানা অজুহাতে পালিয়ে বেড়াচ্ছে একে অপরের থেকে। অনুভবের সঙ্গে ক্যাফেতে গিয়ে লাজু যেন মনে একটু শান্তি পায়। খোলা আকাশের দিকে তাকিয়ে দেখে তারা খসে পড়ছে। সঙ্গে সঙ্গে লাজু উইশ‌ করতে ছোটে। অনুভবকেও সঙ্গে ডাকে। জিজ্ঞাসা করে, তারা খসে পড়লে যে উইশ করতে হয়, তা কি সে জানে না?

অনুভবও জানিয়ে দেয়, এই পৃথিবীর কোনও কিছুর থেকেই তার আর কিছু চাওয়ার নেই। শুধু একটাই উইশ আছে, আর সেটা শুধুমাত্র লাজুর কাছে। সে লাজুকে কাছে টেনে নেয়। তার দু'গালে হাত রেখে অনুভব বলে, লাজু কি পারবে না সুদেবকে ডিভোর্স দিয়ে তার কাছে বরাবরের মতো চলে আসতে? তাদের সেই মিছিমিছি বিয়েকে সত্যি করতে পারবে না লাজু? অনুভবের এই আবদার কি মেটাবে লাজু? সত্যি কি সুদবকে ছেড়ে চলে আসবে নতুন সংসার গড়তে? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? উত্তরের অপেক্ষায় দিন গুনছেন দর্শক।

কিছুদিন আগেই এই মেগার গল্পে দেখানো হয়েছিল অনুভব ধুমধাম করে লাজুর জন্মদিন পালন করছে। একটা গাড়িকে বেলুন দিয়ে সাজিয়ে এনেছে সে। কেক কেটে লাজুকে 'হ্যাপি বার্থডে' উইশও করেছে অনুভব। এত সব আয়োজন দেখে চোখে জল চলে আসে লাজুর। সে বলে এত বছরে কোনওদিন তাকে কেউ জন্মদিনের শুভেচ্ছা জানায়নি।

লাজুর মুখে এই কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে অনুভব। এদিকে, তাদের সুখের মুহূর্ত আড়াল থেকে দেখে বনলতা। লুকিয়ে দেখে অনুভব ও লাজু কিছু একটা সেলিব্রেট করছে। কিন্তু কী সেলিব্রেট করছে তারা, তা সে বুঝতে পারে না। মনে মনে ভাবে, তার চলে যাওয়াটাই বোধহয় উপভোগ করছে দু'জনে। বনলতা ফের লাজুকে জব্দ করার ছক কষে। এবার কী করবে সে? একের পর এক মিথ্যা দিয়ে সাজানো তার সংসার ভেঙে গিয়েছে। কিন্তু তবুও নিজে ভেঙে পড়েনি বনলতা। তাই লাজুকে সুদেবের চোখে ছোট করতে সে লাজুর কলেজের বন্ধু বিশ্বর সঙ্গে তার ছবি বিকৃত করে পাঠিয়ে দেয়। ফলে লাজুকে ভুল বোঝে তার শ্বশুরবাড়ির লোক। আগামীতে ধারাবাহিকে আসছে আরও বড় মোড়, লাজু ও অনুভবকে কি এক হতে দেবে বনলতা, এখন সেটাই দেখার।