১২ এপ্রিল রবিবার আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে মিটিং-এর আয়োজন করা হয়েছিল। এদিন টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে বসেছিল মিটিং। সেখানে টলিউডের ব্যান কালচার থেকে শুরু করে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়। এদিনের বৈঠকে ওঠে জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'র ভবিষ্যৎ নিয়ে কথাও। আর্টিস্ট ফোরামের কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, "আমরা চাই ধারাবাহিক যেন বন্ধ না হয়। কনে দেখা আলোর প্রযোজনায় আছে অর্গানিক স্টুডিও। কিন্তু এই ধারাবাহিকের পরিচালনায় নাম আছে লীনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জির। সেখানেই আমাদের আপত্তি। এমনকী এই ধারাবাহিকের চিত্রনাট্যও লেখেন লীনা গাঙ্গুলি।"
এদিন প্রসেনজিৎ চ্যাটার্জি আরও বলেন, "আমরা চ্যানেলের সঙ্গে কথা বলেছি, যদি অন্য কোনও প্রযোজনা সংস্থা কিংবা অন্য লেখক-লেখিকা এই ধারাবাহিকের দায়িত্ব নিতে চান, আমাদের জানালে সেই মতো কাজ শুরু হবে। যদি কাল জানান কালই শুরু হবে।"
এদিকে, টলিপাড়ার অন্দরের খবর 'কনে দেখা আলো' এবার থেকে জি বাংলার নিজস্ব প্রযোজনায় সম্প্রচারিত হতে পারে। জি-এর ইন হাউজ লেখক-লেখিকাদের দিয়েই এই মেগার চিত্রনাট্য লেখার পরিকল্পনা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আগামীতে কোন সিদ্ধান্তে আসে চ্যানেল এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’র আউটডোর শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় ব্যানার্জি। তাঁর অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। কলকাতা ও তালসারি, এই দুই জায়গায় প্রযোজনা সংস্থার দুই কর্ণধার, ধারাবাহিকের পরিচালক, প্রোডাকশন ম্যানেজার-সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করছেন প্রয়াত অভিনেতার স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।















