শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির অকাল মৃত্যুতে ম্যাজিক মোমেন্টসের দুই কর্ণধার, ধারাবাহিকের পরিচালক, প্রোডাকশন ম্যানেজার-সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করছেন প্রয়াত অভিনেতার স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তারপর থেকেই উক্ত প্রযোজনা সংস্থার সমস্ত ধারাবাহিক বন্ধ হয়েছে। এমনকী আঁচ পড়েছিল জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'র উপরেও। এতদিন বন্ধ ছিল এই ধারাবাহিকের শুটিং। কারণ, মেগার প্রযোজনায় অর্গানিক স্টুডিও থাকলেও পরিচালনায় নাম ছিল লীনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জির। এমনকী লেখিকাও ছিলেন লীনা। ফলে এই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েও জটিলতা তৈরি হয়েছিল।
এদিকে, টলিপাড়ার অন্দরের খবর 'কনে দেখা আলো' এবার থেকে জি বাংলার নিজস্ব প্রযোজনায় সম্প্রচারিত হতে পারে। জি-এর ইন হাউজ লেখক-লেখিকাদের দিয়েই এই মেগার চিত্রনাট্য লেখার পরিকল্পনা করছে চ্যানেল কর্তৃপক্ষ। এবার সেই নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল আর্টিস্ট ফোরাম।
বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করে ফোরামের সম্পাদক শান্তিলাল মুখার্জি জানান, 'রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় এর অকাল প্রয়াণের পরবর্তী কালে যে পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলাম, সে সম্পর্কে আপনারা সকলেই অবগত। 'কনে দেখা আলো' প্রযোজনাটির সম্পর্কে সম্প্রতি আমরা চ্যানেলের সঙ্গে (Zee বাংলা) সরাসরি আলোচনা করি। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলা যায়।
ওঁরা আমাদের শর্তাবলী মেনে নিয়েই প্রযোজনাটি চালিয়ে যাওয়ার পক্ষেই ওঁদের মতামত জানিয়েছেন এবং ৭ দিনের মধ্যে ফোরাম প্রদত্ত শর্তাবলীর সপক্ষে সমস্ত প্রমাণ সহ উপযক্ত নথি পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছেন।
এই পরিপ্রেক্ষিতে উক্ত প্রযোজনাটিতে (কনে দেখা আলো) আমাদের সংগঠনের শিল্পীদের কাজ করার ক্ষেত্রে কোনো অন্তরায় বা অসুবিধে রইল না। রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় কখনও অন্যায়ের সাথে আপোষ করেনি, প্রতিবাদ করেছে। তেমনি ও ইন্ডাস্ট্রিতে আরও কাজ হোক, সুষ্ঠ ভাবে কাজ হোক - নিরন্তর চেয়েছে। আমরা ওর মতাদর্শকে সম্মান করি। পরিস্থিতির চাপে আমাদের কর্মবিরতিতে যেতে হয়েছিল, অযথা কাজের ক্ষেত্রে কোন রকম অসহযোগিতা করা আমাদের নীতি বিরুদ্ধ, মত-বিরুদ্ধ। এ কথা দৃঢ়তার সঙ্গে বলতে আমাদের কোনো বাধা নেই।
আসুন সকলে মিলে কাজের পরিবেশকে সুন্দর করে তোলার চেষ্টা করি।' (বিবৃতির সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)
এতদিন যা ব্যাঙ্কিং ছিল, তাতেই চলছিল ধারাবাহিকের পর্ব। তবে এবার জানা যাচ্ছে, ধারাবাহিকের শুটিং শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে 'কনে দেখা আলো'র অনুরাগীরাও।















