মনের মানুষকে তার স্বামীর সঙ্গে সুখে সংসার করতে দেখে রাগে বিহবল হয়ে গাড়ি চালাতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা। গুরুতর অবস্থা তাঁর। ভাবছেন কে? 'কনে দেখা আলো' ধারাবাহিকের অনুভব। হ্যাঁ, যা ঘটেছে সবটাই পর্দায়।
'কনে দেখা আলো' ধারাবাহিকে সম্প্রতি দেখানো হয়েছে সুদেব বেঁচে আছে। সেই কথা জেনে স্বামীর উপর রাগ করে বাড়ি ছেড়েছিল লাজু। এবার আবার গল্পে আসছে বড় টুইস্ট।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কনে দেখা আলো' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এনেছে। সেখানেই দেখা যাচ্ছে সুদেব এবং লাজু অনুভবের সঙ্গে দেখা করতে এসেছে। সুদেব জানায় তার আর লাজুর মিলমিশ হয়ে গিয়েছে। তাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি ছিল সব মিটে গিয়েছে। এটা শুনেই ক্ষোভে ফেটে পড়ে অনুভব। সে লাজুকে প্রশ্ন করে যদি তার স্বামীর সঙ্গে মিলমিশ করে নেওয়ার ছিল তাহলে কেন তার উকিল বন্ধুকে এসবে টানল বিবাহ বিচ্ছেদের কাগজ তৈরি করতে কেন বলল? সে লাজুকে এও বলে, তার ওই উকিল বন্ধুর পারিশ্রমিক কত সে জানে না। বলে সে রাগ করে বেরিয়ে যেতে চায়। লাজু পিছন দিয়ে চেঁচিয়ে উঠে বলে, সে তার ওই বন্ধুর পারিশ্রমিক দিয়ে দেবে যেভাবেই হোক।
মনের মানুষকে আবার স্বামীর কাছে ফিরে যেতে, সুখে সংসার করতে দেখে সেটা কিছুতেই মেনে নিতে পারে না অনুভব। হিংসা, রাগে জ্বলতে থাকে। আর রাগের মাথায় গাড়ি চালায় গিয়েই দুর্ঘটনা ঘটায়। এতে কি সে গুরুতর আহত হবে নাকি প্রাণ হারাবে? আর গোটা ঘটনায় কোন দিকে বাঁক নেবে লাজু এবং সুদেবের সম্পর্ক? এই প্রশ্নের জবাব জানতেই এখন মুখিয়ে দর্শক।















