জমে উঠেছে জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'। এখন মাঝেমধ্যেই স্লট লিড করছে এই মেগা। লাজু ও অনুভবের মিল দেখার জন্য অপেক্ষায় থাকেন দর্শক। তবে গল্পের মোড়ে আসছে বিরাট চমক। এবার মুখোমুখি হতে চলেছে অনুভব ও সুদেব। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, লাজুর কলেজে ১০ দিনের ছুটি পড়েছে। আর সেই খবর পেয়ে সুদেব এসেছে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যেতে। কিন্তু সুদেবকে লাজু বলে এই সময় তার কলেজের স্পেশাল ক্লাস চলবে তাই সে এখন শ্বশুরবাড়িতে যেতে পারবে না।
সুদেব এই কথা শুনে রেগে যায়। সে লাজুকে বলে, এইসব স্পেশাল ক্লাস করতে হবে না। সুদেবের এই কথা শুনে রেগে যায় অনুভব। সে জোর গলায় বলে, কলেজের ছুটিটা পড়াশোনার জন্য সংসার করার জন্য নয়। অনুভব আবারও লাজুর বিষয়ে মাথা গলাচ্ছে দেখে চটে যায় সুদেব। সে বনলতাকে গিয়ে বলে, তার বরকে সামলাতে। অন্যের বউয়ের দিকে এত নজর কেন? এই প্রশ্ন করতেই সুদেবের উপর চড়াও হয় অনুভব। তার কলার চেপে ধরে। সুদেবও একটুও ঘাবড়ে যায় না। অনুভবের চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। দু'জনকে ছাড়ানোর চেষ্টা করে লাজু। দূরে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখে বনলতা। কিন্তু মুখে কিছু বলে না।
সহজ-সরল সুদেবকে এমন রেগে যেতে দেখে অনুরাগীরা বেশ চমকে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার সপক্ষে যুক্তি দিয়ে বলছেন, 'একটা মানুষ অন্যায় দেখে আর কতদিন চুপ করে থাকবে?' কেউ বলছেন, 'নিজের স্ত্রীকে অন্যের হয়ে যেতে দেখলে যে কোনও পুরুষের মাথার ঠিক থাকে না।'
প্রসঙ্গত, কিছুদিন আগে বাড়ির সবার সামনে বনলতার দিকে আঙুল তুলেছিল অনুভব। সে জানিয়ে দেয়, তাকেই ময়ূখ ব্ল্যাকমেল করছিল। এদিকে, এই কথা জানতে পেরে তেলে বেগুনে জ্বলে ওঠে অনুভবের মা। সে বনলতার কাছে জানতে চায় তার সঙ্গে কী সম্পর্ক ময়ূখের? অনুভবই এর জবাব দেয়। সে জানায় প্রেমের সম্পর্ক ছিল তাদের। বনলতা কেঁদে ফেলে। সে জানায়, একসময় ময়ূখের সঙ্গে তার সম্পর্ক থাকলেও এখন সে অনুভবকেই ভালবাসে। যদিও বনলতার এই কথায় মোটেই মন গলে না তার শাশুড়ির। বরং আরও রেগে গিয়ে বনলতাকে ধাক্কা দিয়ে সে জানায়, অনুভবের জীবনে তার আর কোনও জায়গা নেই। এই টানাপোড়েনের মাঝে আবার লাজু, সুদেব ও অনুভবের এই কাণ্ড উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে।
