গত ২৯ মার্চ তালসারিতে 'ভোলে বাবা পার কারেগা' ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় ব্যানার্জির। কীভাবে জলে ডুবে প্রাণ হারান অভিনেতা, তা নিয়ে রয়েছে একাধিক ধোঁয়াশা। আর এরপর থেকেই উত্তাল টলিপাড়া। তারকাদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। নিজেদের সুরক্ষার দাবিতে অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুশলী, সকলেই একসঙ্গে সোচ্চার হয়েছেন। মঙ্গলবার স্টুডিওপাড়ার মিটিংয়ে সিদ্ধান্ত হয়, 'ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স' বা তার সঙ্গে জড়িত কোনও ধারাবাহিকে কলাকুশলীরা অংশ নেবেন না। ফলে অনিশ্চয়তার মুখে পড়ে যায় 'কনে দেখা আলো' ধারাবাহিকটি।
সরাসরি ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার মেগা নয় জি বাংলার 'কনে দেখা আলো'। এই মেগার দায়িত্বে রয়েছে লীনা পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের অর্গানিক স্টুডিও। তবে এই সিরিয়ালেরও কাহিনিকার তথা চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। আগেই শোনা গিয়েছিল 'ভোলে বাবা পার করেগা' এবং 'চিরসখা' এই দুটি ধারাবাহিক বন্ধ হচ্ছে৷ মঙ্গলের রাতে খবর আসে, যবনিকা পড়তে চলেছে 'কনে দেখা আলো' ধারাবাহিকেও।
টলিপাড়া সূত্রের খবর, বুধবার 'কনে দেখা আলো'র মুখ্য চরিত্রের অভিনেতারা শুটিং সেটে হাজির হন। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরও শুটিং শুরু হয়নি। তারকাদের সঙ্গে অর্ক গঙ্গোপাধ্যায় বৈঠক করেন বলেও সূত্রের খবর। তবে এই ধারাবাহিকের ভবিষ্যৎ কী হতে চলেছে, তা এখনও পরিষ্কার নয়।
কয়েক দিন আগেই 'কনে দেখা আলো'-তে গল্প নতুন মোড় নিচ্ছিল৷ সুদেব বুঝতে পেরেছিল লাজবন্তীর জায়গা তার জীবনে ফিকে হয়ে গিয়েছে৷ সুদেব মানিয়ে নিয়ে সংসার করতে চাইলেও লাজুর মন জুড়ে রয়েছে অনুভব। কিন্তু এরই মাঝে রাহুলের মৃত্যুর ঘটনায় এল খারাপ খবর। আপাতত এই ধারাবাহিক নিয়ে কী সিদ্ধান্ত হয়, সেটাই দেখার।
















