বলিউডের বেশ পরিচিত মুখ কীর্তি কুলহারি। উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবি হোক বা ফোর মোর শর্টস, সিনেমা হোক বা সিরিজ সবেতেই সাবলীল তিনি। পাশাপাশি তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের। বিগত কিছুদিন ধরে তাঁর প্রেম জীবন নিয়ে চর্চা চলছিল। কিন্তু নতুন বছরের গোড়াতে সেই জল্পনায় সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। অভিনেতা রাজীব সিদ্ধার্থকে মন দিয়েছেন কীর্তি। কিন্তু কে তিনি?
কে এই রাজীব সিদ্ধার্থ? রাজীব একজন অভিনেতা তো বটেই, একজন পরিচালকও বটে। একাধিক সিনেমা, সিরিজে কাজ করেছেন তিনি। ঝাড়খণ্ডের বাসিন্দা সিদ্ধার্থ। তিনি ২০০৭ সালে বিনোদন জগতে পা রাখেন। মণীশ তিওয়ারির দিল দোস্তি ছবিতে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। যদিও সেই সময় তিনি পুরোদমে অভিনয়ে মন দেননি। বরং পড়াশোনা শেষ করছিলেন। এমবিএ পড়ছিলেন মুম্বইয়ে। ডিগ্রি অর্জনের পর তিনি ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে চাকরি করেন কিছু বছর। তারপর ভাগ্য যাচাই করতে আসেন থিয়েটারে জগতে। সেখানেও সফল হন। অন্যদিকে বলিউডে একের পর এক কাজও করছিলেন।
জলি এলএলবি ছবিতে আরশাদ ওয়ার্সি এবং কীর্তি কুলহারির সঙ্গে দেখা গিয়েছিল রাজীব সিদ্ধার্থকে। সুভাষ কাপুরের এই ছবিতে ছিলেন বোমান ইরানিও। অনিল কাপুরের ২৪ নামক টিভি সিরিজে বালার চরিত্রে কাজ করেছিলেন রাজীব সিদ্ধার্থ। জলি এলএলবি ছবিটির পর কীর্তি এবং রাজীব আবারও একসঙ্গে কাজ করেন ফোর মোর শর্টস সিরিজে। অনু মেনন এবং নূপুর অস্থানা পরিচালিত এই সিরিজে রাজীব সিদ্ধার্থকে মিহির শাহের চরিত্রে দেখা গিয়েছিল। এছাড়া রাজীবের বলিউডে উল্লেখযোগ্য কাজ বলতে এক বদনাম আশ্রম। অর্থাৎ ববি দেওল অভিনীত সিরিজেও কাজ করেছিলেন তিনি।
সম্প্রতি কীর্তি তাঁর প্রেমের ইস্তেহার করেন একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। সেই পোস্টে তাঁকে এবং রাজীব সিদ্ধার্থকে পাশাপাশি আদুরে ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। রয়েছে তাঁদের আরও একাধিক ছবির ভিডিও কোলাজ। এই ভিডিও কোলাজে কোথাও তাঁদের বেড়াতে যাওয়ার মুহূর্ত ধরা পড়েছে, কোথাও আবার প্রেমিকের গলা জড়িয়ে তাঁর কপালে চুমু খাচ্ছেন নায়িকা। তাঁদের এই বছর শুরু ভিডিও থেকেই স্পষ্ট যে প্রেম জমে ক্ষীর! এই ছবিটি পোস্ট করে কীর্তি লেখেন, 'একটা ছবি হাজার কথার সমান। সবাইকে শুভ নববর্ষ ২০২৬।' কীর্তির এই পোস্টে তাঁর অনুরাগীদের পাশাপাশি ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মীও মন্তব্য করেছেন।
