দিল্লির যন্তর মন্তরে শিক্ষা সংস্কারক ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের (আমরণ অনশন আন্দোলন আজ, শুক্রবার ২০তম দিনে পদার্পণ করল। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় লাদাখের এই ‘আসল নায়ক’। ২০ দিন ধরে অন্ন-জল ত্যাগ করায় ওয়াংচুকের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে। আর এই সংকটময় পরিস্থিতিতে এবার আন্দোলনকারীদের সমর্থনে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন বলিউড পরিচালক তথা আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। জানিয়ে রাখা ভাল, আমির খান নিজের মুখে জানিয়েছেন ‘থ্রি ইডিয়টস’ ছবিতে তাঁর অভিনীত চরিত্রটি ওয়াংচুকের অনুপ্রেরণায় তৈরি হয়নি। আমির আরও জানান, ছবি মুক্তির পরেই ওয়াংচুকের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। আমিরের এই মন্তব্য শোনার পর থেকেই তাঁকে ‘মিথ্যাবাদী’, ‘প্রতারক’ বলে দাগিয়ে দিয়েছেন নেটপাড়ার একটি বড় অংশ। 
সোনম ওয়াংচুকের সমর্থনে এবং সরকারের এই ‘অমানবিক নীরবতা’র বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ ও ঝাঁঝালো পোস্ট শেয়ার করেছেন কিরণ। সরকারকে অবিলম্বে অহংকার ভুলে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসার আবেদন জানিয়েছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিরণ রাও লিখেছেন, “আমি সোনম ওয়াংচুক, অভিজিৎ দিপকে, সিজেপি  এবং এই দেশের সমস্ত তরুণ ও বয়স্ক নাগরিকদের পাশে দাঁড়িয়েছি, যাঁরা আমাদের পড়ুয়াদের অধিকারের জন্য লড়াই করছেন। সোনমজি, নেহা, মণীশ, আমিন সহ যাঁরা ন্যায়বিচারের জন্য অনশন করছেন, তাঁদের আমার সেলাম। আমাদের এই উদাসীনতা থেকে জাগিয়ে তোলার জন্য এবং প্রতিটা কণ্ঠস্বর যে মূল্যবান, তা মনে করিয়ে দেওয়ার জন্য দেশ আপনাদের কাছে ঋণী।”

 

?utm_source=ig_web_button_share_sheet

 

এরপরেই কেন্দ্রের শাসকদলের দিকে তোপ দেগে কিরণ লেখেন— “১৯ দিন পার হয়ে যাওয়ার পরও এই অনশন আন্দোলনকে ঘিরে যে সম্পূর্ণ নীরবতা বজায় রাখা হয়েছে, তা অত্যন্ত কষ্টকর। ক্ষমতায় থাকা মানুষদের কান পর্যন্ত সাধারণ মানুষের আওয়াজ পৌঁছাতে আর কী লাগবে? এটা স্তম্ভিত করার মতো এবং অমানবিক! আমি সরকারকে অনুরোধ করছি, দয়া করে অহংকার ছেড়ে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসুন, পড়ুয়াদের কষ্টটা বুঝুন এবং এই অচলাবস্থা কাটান। দেশের নাগরিক হিসেবে আমাদের কথা শোনার অধিকার আমাদের আছে।”

আশ্চর্যের বিষয় হল, কিরণ রাওয়ের এই কড়া বিবৃতিটি এসেছে ঠিক এমন এক সময়ে, যার কয়েক ঘণ্টা আগেই ওঁর প্রাক্তন স্বামী আমির খান বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দাবি করেছিলেন যে ‘৩ ইডিয়টস’ তৈরির সময় তাঁরা সোনম ওয়াংচুককে চিনতেনই না! স্বভাবতই কিরণের সজাসাপটা মন্তব্য দেখে তাঁর প্রশংশায় পঞ্চমুখ বহু নেটিজেন। তাঁর সঙ্গে তুলনা করেছেন তাঁর প্রাক্তন স্বামী আমির খানের-ও। 

তবে সোনম ওয়াংচুকের এই অনশন ও ভেঙে পড়া স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমিরও। ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেছেন, “আমরা প্রত্যেকেই ওঁর স্বাস্থ্য এবং জীবন নিয়ে অত্যন্ত চিন্তিত। আমরা আশা করছি সবটা যেন ভালভাবে মিটে যায়। আমরা প্রার্থনা করছি উনি যেন অনশন ভেঙে নিজের শরীরের যত্ন নেন।”

নিট দুর্নীতির বিরুদ্ধে গর্জে ওঠা সোনম ওয়াংচুক স্পষ্ট জানিয়েছেন, শরীর যতই ভেঙে পড়ুক না কেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না। এমনকি আগামী ২০শে জুলাই (সোমবার) ওঁর নেতৃত্বে সংসদ ভবন অভিযানের পরিকল্পনাও রয়েছে।

ইতিমধ্যেই এই আন্দোলনের আঁচ পৌঁছেছে আদালতেও। গত মঙ্গলবার দিল্লি হাইকোর্ট কেন্দ্র ও দিল্লি সরকারকে কড়া নির্দেশ দিয়ে জানিয়েছে— ‘মানুষের জীবন অত্যন্ত মূল্যবান’। অনশন মঞ্চে সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের ওপর যেন প্রতি মুহূর্তে নজর রাখা হয় এবং প্রয়োজন অনুযায়ী সময়মতো সমস্ত রকম চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, তা নিশ্চিত করতে বলেছে আদালত।

কিরণ রাওয়ের পাশাপাশি ইতিমধ্যেই অতুল কুলকার্নি, সোনাক্ষী সিনহা, জেনাত আমান, অভয় দেওল এবং নাসিরুদ্দিন শাহের মতো বলিউডের একঝাঁক তারকা সোনম ওয়াংচুকের সমর্থনে সরব হয়েছেন। ২০ দিন ধরে চলা এই ঐতিহাসিক অনশন ভাঙাতে মোদী সরকার শেষ পর্যন্ত আলোচনার রাস্তায় হাঁটে কি না, এখন সেটাই দেখার।