টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

'টক্সিক'-এ কেন রাজি হলেন কিয়ারা?

বলিউডে এখন চর্চার কেন্দ্রে কিয়ারা আদবানি ও দক্ষিণী সুপারস্টার যশের আগামী ছবি ‘টক্সিক’। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা মুখ খুলেছেন কেন তিনি এই ছবি রাজি হলেন। অনেকেরই নজর কেড়েছে তাঁর এই বোল্ড অবতার। অভিনেত্রী জানান, চিত্রনাট্য শোনার পরই তাঁর চরিত্রটি দারুণ পছন্দ হয়ে যায়। তিনি মূলত এমন একটি গল্প খুঁজছিলেন যা গতানুগতিক ধারার বাইরে। কিয়ারা স্পষ্ট জানান যে, নারীদের নির্দিষ্ট কোনও ছাঁচে বা গণ্ডির মধ্যে আটকে রাখায় তাঁর তীব্র আপত্তি রয়েছে। কিয়ারার কথায়, "চিত্রনাট্যটা শুনেই ভাল লেগেছিল। আমার চরিত্রটা দারুণভাবে সাজানো হয়েছে। আমার মনে হয়েছিল, কেরিয়ারের এমন এক জায়গায় পৌঁছেছি, যেখানে এই চরিত্রটা করার জন্য আত্মবিশ্বাস এসেছে।"

হলিউড কেরিয়ারে আশাবাদী দিশা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি এবার পা রাখছেন আন্তর্জাতিক ময়দানে। হলিউডের বড় প্রজেক্ট ‘হোলিগার্ডস সাগা – দ্য পোর্টাল অফ ফোর্স’ ছবির মাধ্যমে তাঁর এই বিরাট পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তবে গ্ল্যামার দুনিয়ায় নিজের পরিচিতির বাইরে গিয়ে নতুন কোনও চ্যালেঞ্জ গ্রহণ করাই তাঁর মূল লক্ষ্য ছিল বলে জানিয়েছেন এই তারকা। এক সাক্ষাৎকারে দিশা জানান, আন্তর্জাতিক প্রজেক্টে কাজের অভিজ্ঞতা তাঁর কাছে একদমই আলাদা কোনও ব্যাপার ছিল না। বরং নিজের কমফর্ট জোন বা পরিচিত গণ্ডি থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নতুন কাজের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই তিনি বেশি আগ্রহী ছিলেন। অডিশন দিয়ে স্বাভাবিক নিয়মেই এই সুযোগটি আসে এবং শুটিংয়ের সময় কাস্ট ও ক্রু মেম্বারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর অভিনয় জীবনে এক নতুন মাত্রা যোগ করেছে।

কার সঙ্গে প্রেম করছেন আরিয়ান?

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে ফের নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি লন্ডনের একটি ক্যাসিনো থেকে এক রহস্যময় নারীর সঙ্গে তাঁর কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ঘিরে তৈরি হয়েছে তাঁদের প্রেমের গুঞ্জন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যেত, দু'জনেই একসঙ্গে ক্যাসিনো থেকে বের হচ্ছেন। জানা যায়, ওই তরুণী হলেন ডেনমার্কের পরিচিত গায়িকা ও সংগীতশিল্পী ভিনি টাকাইর।ছবিগুলো প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। কৌতূহল আরও বাড়িয়ে দেয় ভিনির একটি ইনস্টাগ্রাম পোস্ট, যেখানে তিনি লন্ডনের কিছু ছবি শেয়ার করেছেন। পাশাপাশি, ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করা এবং 'কমন ফ্রেন্ড' থাকার বিষয়টি এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। উল্লেখ্য, এর আগে ব্রাজিলের মডেল লরিসা বনেসির সঙ্গেও আরিয়ানের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন আরিয়ান ও ভিনি।