সংবাদ সংস্থা, মুম্বই: সম্প্রতি মালয়ালম ছবির জগতে যৌন হেনস্থার ঘটনার রিপোর্ট পেশ করেছে হেমা কমিশন। সেই রিপোর্ট সামনে আসার পর থেকেই উত্তাল মালায়ালম সহ অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি। এসব নিয়ে যখন তুমুল আলোড়ন চলছে, ঠিক তখনই বলিউড নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শিল্পী শিন্ডে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর দিনগুলির অভিজ্ঞতা জানিয়েছেন বিগ বস জয়ী অভিনেত্রী।
শিল্পা তখন সবে অভিনয় জগতে পা রেখেছেন। রূপোলি পর্দার জগৎ নিয়ে তাঁর তেমন কোনও ধারণা ছিল না। ঠিক সেই সময়ে এক অডিশনে গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকান হন শিল্পা। ছোট পর্দার ‘ভাবিজি’ অভিযোগ, হিন্দি ছবির এক পরিচালক তাঁকে যৌন হেনস্থা করেছিলেন। শিল্পার কথায়, একটি ছবির অডিশনে তাঁকে যৌন আবেদন ফুটিয়ে তুলতে বলা হয়েছিল। অভিনেত্রীর বয়স তখন অল্প। পরিচালক ঠিক কী চাইছেন তা বুঝতে পারেননি তিনি। তাই পরিচালকের কথায় রাজিও হয়ে যান নবাগতা অভিনেত্রী।
শিল্পা বলেন, “১৯৯৮-৯৯ সালে আমার কেরিয়ারের গোড়ার দিকের কথা। পরিচালক আমাকে একটা পোশাক পরতে বলেছিলেন। সেই পোশাক আমি পরিনি। বলা হয়, একটি দৃশ্যে অভিনয় করে দেখাতে হবে। যা হল, পরিচালক আমার কর্মকর্তা। তাঁর সামনে আমায় যৌন আবেদন ফুটিয়ে তুলতে হবে। সহজ সরলভাবে ওই দৃশ্যে অভিনয় করেও দেখাই।” সেই অডিশনে ওই পরিচালক শারীরিক হেনস্থা করেন বলে অভিযোগ করেন শিল্পা। তিনি বলেন, “সেই পরিচালক আমার শরীরের উপরে উঠে আসতে চান। আমি ভয় পেয়ে যাই। সঙ্গে সঙ্গে ওঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই এবং সেখান থেকে পালিয়ে যাই। আমার সঙ্গে কী ঘটেছে তা নিরাপত্তারত্রীরাও বুঝতে পারেন। ওঁরা ভেবেছিলেন আমি হয়তো বিষয়টি নিয়ে সমস্যা তৈরি করব। তাই পালিয়ে যাওয়ার পরামর্শ দেয়।”
যদিও পরিচালকের নাম ফাঁস করেননি শিল্পা। তাঁর কথায়, 'তিনিও এই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিরই লোক। আমি দৃশ্যটি করতে রাজি হয়েছিলাম কারণ উনিও একজন অভিনেতা ছিলেন। আমি মিথ্যা বলছি না, তবে ওঁর নাম নিতেও পারছি না। ওর ছেলেমেয়েরা সম্ভবত আমার থেকে কিছুটা ছোট এবং যদি আমি ওর নাম প্রকাশ্যে আনি তাহলে ওর ছেলেমেয়েরাও কষ্ট পাবে।” শিল্পা জানিয়েছেন, কয়েক বছর পর আবারও ওই পরিচালকের সঙ্গে তাঁর দেখা হয়। পরিচালক তখন তাঁকে চিনতেও পারেননি। এমনকি পরে শিল্পাকে একটা ছবির চরিত্রে কাজও দিয়েছিলেন তিনি। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেত্রী।
















