আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...।
মা হওয়ার পর প্রথম জনসমক্ষে ক্যাটরিনা
বলিউডের 'গ্ল্যামার কুইন' ক্যাটরিনা কইফ মা হওয়ার পর থেকেই প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। গত বছর নভেম্বরে ভিকি কৌশল ও ক্যাটরিনা তাঁদের প্রথম সন্তান 'বিহান'-এর জন্ম দেন। তারপর সেভাবে আর কোথাও দেখা যায়নি অভিনেত্রীকে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মঙ্গলবার মুম্বইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী, যা মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এদিন ক্যাটরিনাকে দেখা যায় তাঁর ব্যক্তিগত গাড়ির ভিতরেই। সঙ্গে ছিলেন তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা জনপ্রিয় ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা। ক্যাটরিনার পরনে ছিল একটি সাধারণ কালো রঙের জাম্পার এবং মুখে ছিল কালো মাস্ক। মাতৃত্বের এই নতুন অধ্যায়ে ক্যাটরিনা যে জাঁকজমক এড়িয়ে একেবারেই সাদামাটা থাকতে পছন্দ করছেন, তাঁর এই লুকই যেন তার প্রমাণ। পাপারাজ্জিদের ক্যামেরা দেখে মাস্ক না খুললেও, গাড়ির ভিতর থেকেই হাত নেড়ে এবং হাসিমুখে অভিবাদন জানান তিনি। তাঁর চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ও মাতৃত্বের জেল্লা স্পষ্ট ফুটে উঠছিল।
নতুন প্রচেষ্টা পরিণীতির
সম্প্রতি নিজের জীবনের সবথেকে মূল্যবান অনুভূতিগুলোকে একটি রূপকথার গল্পের মতো সাজিয়ে নিয়েছেন তিনি। কারণ তাঁর প্রথম সন্তান ‘নীর’-কে তার বাবা-মায়ের ভালবাসার গল্প শোনাতে চান তিনি। এই খবরটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় বইছে প্রশংসার জোয়ার। অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার প্রেম থেকে পরিণয়—পুরো বিষয়টিই ছিল বেশ রাজকীয় এবং মার্জিত। উদয়পুরে সেই স্বপ্নের মতো বিয়ের কথা এখনো অনুরাগীদের মনে অম্লান। কিন্তু অভিনেত্রী এবার চাইলেন সেই স্মৃতিগুলোকে কেবল ছবির ফ্রেমে আটকে না রেখে একটি কালজয়ী রূপ দিতে। তিনি তাঁদের এই প্রেমের সফরকে একটি সুদৃশ্য গল্পের বইয়ের রূপ দিয়েছেন। যা ছেলে নীর বড় হয়ে পড়বে। এই খবর নিজেই সমাজমাধ্যমে ভাগ করেছেন পরিণীতি।
কেমন আছেন দীপিকা?
টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্করের শারীরিক অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন তাঁর অনুরাগীরা। ক্যানসারমুক্ত হলেও ফের নতুন সমস্যা ধরা পড়েছিল অভিনেত্রীর। করতে হয়েছিল অস্ত্রপ্রচারও। সম্প্রতি তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্টোরি ভাগ করে লেখেন, 'আল্লাহর আশীর্বাদে ও আপনাদের সবার প্রার্থনায় দীপিকার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। ও এখন অনেকটা ভাল আছে। যদিও ওর শরীরে কিছুটা ব্যথা রয়েছে, তবে উদ্বেগের কোনও কারণ নেই। আপনাদের প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ।' ঘটনার সূত্রপাত হয় ২০ ফেব্রুয়ারি, যখন শোয়েব তাঁর ইউটিউব ব্লগে জানান যে দীপিকা আবারও তীব্র পেটে ব্যথায় ভুগছেন। গত বছরও দীপিকা লিভার ক্যানসারের চিকিৎসার মধ্যে দিয়ে গিয়েছিলেন। এবারও সেই একই ধরণের উপসর্গ দেখা দেওয়ায় তারা দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন। সিটি স্ক্যান রিপোর্টে ধরা পড়ে যে, দীপিকার লিভারে ১.৩ সেন্টিমিটারের একটি সিস্ট হয়েছে। যদিও তা অস্ত্রপ্রচারের মাধ্যমে বের করা গিয়েছে বলে জানিয়েছেন শোয়েব।
