আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...।

'চাঁদনি বার'-এর সিক্যুয়েলে ক্যাটরিনা?

বলিউডে দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরতে প্রস্তুত ক্যাটরিনা কাইফ। শোনা যাচ্ছে, মধুর ভাণ্ডারকরের কালজয়ী সিনেমা 'চাঁদনি বার'-এর সিক্যুয়েলে দেখা যেতে পারে তাঁকে। সবকিছু ঠিকঠাক থাকলে মা হওয়ার পর এটাই হতে চলেছে অভিনেত্রীর প্রথম কাজ। 'চাঁদনি বার ২'-এ ক্যাটরিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাবুও। অজয় বহল পরিচালিত এই ছবির মূল প্রেক্ষাপট আগের মতোই মুম্বইয়ের অপরাধ জগত এবং নিষিদ্ধ পল্লীকে কেন্দ্র করেই আবর্তিত হবে বলে জানা গিয়েছে। তবে এই গুঞ্জনে এখনও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও সিলমোহর পড়েনি। উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে মা হন ক্যাটরিনা। এরপর থেকেই তিনি খুব বুঝেশুনে কাজ বাছাই করছেন। শুধু ছবি নয়, বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে কাজ নিয়েও নাকি আগ্রহী তিনি।

কেন ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’র প্রচারে নেই দিলজিৎ?

সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’র প্রচারে দিলজিৎ দোসাঞ্জের অনুপস্থিতি নিয়ে বলিউডে বেশ আলোচনা চলছে। ছবির নায়ক হওয়া সত্ত্বেও তিনি প্রচারে নেই! আর এতেই তৈরি হয়েছে ধোঁয়াশা। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন পরিচালক ইমতিয়াজ আলি। ইমতিয়াজ জানিয়েছেন, দিলজিৎ বর্তমানে বিদেশে কনসার্টে ব্যস্ত রয়েছেন। একইসঙ্গে শর্বরীও বিদেশে শুটিংয়ে থাকায় প্রচারণায় অংশ নিতে পারছেন না। পরিচালক জানান, ছবিটির শুটিংয়ের তারিখ নির্ধারণের সময় থেকেই তাঁরা জানতেন যে মুক্তির সময় দিলজিতের কনসার্ট থাকবে। তবে প্রচারের চেয়ে চরিত্রের জন্য উপযুক্ত শিল্পী নির্বাচন করাটাই তাঁদের কাছে তখন বেশি গুরুত্বপূর্ণ ছিল।

'জেলার ২'-এ ক্যামিও করবেন হৃতিক!

রজনীকান্তের 'জেলার ২' নিয়ে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। তবে সম্প্রতি ছবির কাস্টিং নিয়ে একটি বড় খবর সামনে এসেছে যা বেশ চমকে দিয়েছে দর্শকদের। শোনা যাচ্ছে, এই ছবিতে শাহরুখ খানের জায়গায় এবার দেখা যেতে পারে হৃতিক রোশনকে। মূলত, পরিচালক নেলসন দিলীপকুমারের এই বহুপ্রতিক্ষীত ছবিতে শাহরুখ খানের ক্যামিও করার কথা ছিল। কিন্তু জানা যাচ্ছে, নিজের অন্য কাজের চাপের কারণে শাহরুখ এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। সবকিছু ঠিক থাকলে প্রায় চার দশক পর এই ছবির মাধ্যমে পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে রজনীকান্ত এবং হৃতিককে। উল্লেখ্য, ১৯৮৬ সালে 'ভগবান দাদা' ছবিতে শিশুশিল্পী হিসেবে হৃতিক অভিনয় করেছিলেন রজনীকান্তের সঙ্গে।