টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী
কাছের মানুষকে হারালেন সলমন
সলমন খানের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘদিনের অত্যন্ত ঘনিষ্ঠ এবং পারিবারিক বন্ধু কুমোদ রাণের প্রয়াণে শোকস্তব্ধ খান পরিবার। সমাজমাধ্যমে এই প্রিয় বন্ধুর মৃত্যুর খবর ভাগ করে নিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন ভাইজানের বোন অলভিরা খান অগ্নিহোত্রী এবং ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী। কুমোদ রাণে ছিলেন খান পরিবারের দীর্ঘদিনের বিশ্বস্ত এবং কাছের মানুষ। তাঁর চলে যাওয়া অলভিরা ও অতুলের কাছে এক অপূরণীয় ক্ষতি। ইনস্টাগ্রামে অতুল অগ্নিহোত্রী লিখেছেন, "শান্তিতে ঘুমাও কুমোদ।" ছবির ক্যাপশনে তিনি যোগ করেন, "আমাদের প্রিয় কুমোদ রাণের আত্মার চিরশান্তি কামনা করি। তোমার অভাব আমাদের জীবনে সবসময় অনুভুত হবে।" অলভিরা এবং অতুল অগ্নিহোত্রীর পাশাপাশি সালমান খানের গোটা পরিবারই এই ঘটনায় গভীরভাবে মর্মাহত।
পাপারাজ্জিদের ওপর বিরক্ত শ্রদ্ধা
শ্রদ্ধা কাপুরের মিষ্টি স্বভাব এবং পাপারাৎজিদের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা সকলেরই জানা। কিন্তু সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় একদল পাপারাজ্জিদের অতি-উৎসাহ এবং হুড়োহুড়িতে বেশ বিরক্ত ও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হল অভিনেত্রীকে। সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রদ্ধা কাপুর তাঁর গাড়ি থেকে নামতেই পাপারাৎজিরা তাঁকে চারপাশ থেকে ঘিরে ধরে ছবি ও ভিডিও তুলতে শুরু করেন। ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি এবং ভিড়ের চাপে বেশ বিরক্ত বোধ করেন শ্রদ্ধা। তবে মেজাজ না হারিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় এবং বিনম্রভাবে তিনি পাপারাৎজিদের উদ্দেশে বলেন, "একটু পিছনে যেতে হবে"। ছবিশিকারিদের দাপটে যে শ্রদ্ধার ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হয়, তা অভিনেত্রীর চোখেমুখে স্পষ্ট ছিল। তা সত্ত্বেও তিনি যেভাবে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিয়েছেন, তা দেখে নেটাগরিকরা তাঁর ধৈর্যের প্রশংসা করছেন।
ওটিটিতে ফিরছেন ক্যাটরিনা?
ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশলের জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। তাঁদের তাঁদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান ‘বিহান’। মা হওয়ার পর আপাতত লাইমলাইট থেকে কিছুটা দূরে, মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী। তবে ভক্তদের জন্য সুখবর, ক্যাটরিনা খুব শীঘ্রই রূপোলি পর্দায় ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে এবার হয়তো কোনও বড় থিয়েট্রিকাল সিনেমা নয়, বরং ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে কামব্যাক করতে পারেন তিনি। সূত্রের খবর, মা হওয়ার পর ক্যাটরিনা আবারও চিত্রনাট্য পড়া শুরু করেছেন। জানা গেছে, ২০২৭ সালের দ্বিতীয় ভাগে তিনি শুটিং সেটে ফেরার পরিকল্পনা করছেন। অভিনেত্রী এমন একটি চিত্রনাট্যের খোঁজে আছেন, যা একজন অভিনেত্রী হিসেবে তাঁর সময়ের সঠিক মূল্যায়ন করবে।















