আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
'বহু বছর এই স্বপ্ন দেখেছি', জাতীয় পুরস্কার পেয়ে বললেন কার্তিক আরিয়ান
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান জিতে আবেগে ভাসলেন কার্তিক আরিয়ান। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, এই সম্মান তাঁর বহু বছরের স্বপ্ন ছিল। অভিনেতার কথায়, “এটা এমন এক স্বপ্ন, যা আমি বহু বছর ধরে বয়ে বেড়িয়েছি। এখনও বিশ্বাস করতে পারছি না।” ভিডিওতে দেখা যায়, পরিবারের সঙ্গে বসে পুরস্কার ঘোষণার মুহূর্ত দেখছিলেন তিনি। নিজের নাম ঘোষণা হতেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন কার্তিক, আর আবেগে ভেঙে পড়েন তাঁর মা-বাবাও। ‘চন্দু চ্যাম্পিয়ন’-এ তাঁর অভিনয়ই এনে দিয়েছে কেরিয়ারের প্রথম জাতীয় পুরস্কার। এই সম্মান তিনি যৌথভাবে পেয়েছেন অভিনেতা ম্যামুট্টির সঙ্গে।
অনশনকারীদের পাশে শাবানা আজমি
দিল্লির যন্তর মন্তরে চলা NEET আন্দোলনের পাশে দাঁড়ালেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। রবিবার তিনি আন্দোলনস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি সংহতি প্রকাশ করেন। সেখানে সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিস (CJP)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। শাবানা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানানো জরুরি এবং গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। তাঁর এই উপস্থিতি আন্দোলনকারীদের মনোবল আরও বাড়িয়েছে বলে দাবি সংগঠকদের। সম্প্রতি NEET-সংক্রান্ত বিতর্ক এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে যন্তর মন্তরে লাগাতার বিক্ষোভ চলছে, যেখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও সমাজের নানা স্তরের মানুষ সমর্থন জানাতে পৌঁছচ্ছেন।
যন্তর মন্তরে উপস্থিত হলেন পুনম পাণ্ডে
দিল্লির যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনে যোগ দিলেন মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। আন্দোলনস্থলে পৌঁছে তিনি স্পষ্ট জানান, কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, শুধুমাত্র পড়ুয়াদের সমর্থন করতেই সেখানে এসেছেন। পুনম বলেন, “আমি এখানে শুধু ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এসেছি। তাঁদের কথা শোনা উচিত।” আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের দাবির প্রতিও সমর্থন জানান তিনি। তাঁর উপস্থিতির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সম্প্রতি NEET-সহ বিভিন্ন শিক্ষা-সংক্রান্ত দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ চলছে। সেই আন্দোলনে একের পর এক পরিচিত মুখের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
জাতীয় পুরস্কার পেয়ে আবেঘঘন কার্তিক আরিয়ান, যন্তর মন্তর শাবানা আজমি,পুনম পাণ্ডে
















